শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তানের অন্তর্বর্তী কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এই সিরিজের আগে তড়িঘড়ি করে নতুন কোচ নিয়োগ দিতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তান দলে তাই একজন অন্তর্বর্তীকালীন কোচকেই দেখা যাবে।পিসিবির কোচ নির্বাচন কমিটির প্রধান ইন্তিখাব আলম যা বলছেন তাতে ব্যাপারটা তা-ই দাঁড়াচ্ছে। ‘সম্ভাব্য কোচের পাঁচজনের ছোট তালিকা করেছি আমরা। সেটা বোর্ডের কাছে পাঠাব। কিন্তু আমি মনে করি, আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি চালিয়ে নেওয়ার জন্য পিসিবি সাময়িকভাবে কাউকে কোচের দায়িত্ব দেবে। কারণ সিরিজ শুরু হতে আর বেশি বাকি নেই’—বলেছেন ইন্তিখাব। তিন টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৮ অক্টোবর। হাতে দিন পনেরো সময় পাচ্ছে পাকিস্তান।নিয়োগ কমিটির পাঁচজনের সংক্ষিপ্ত তালিকায় কারা আছেন, সেটা জানাননি ইন্তিখাব। সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের নাম গোপন রাখার ব্যাপারে নিয়োগ কমিটির ওপর কড়া নির্দেশনা পিসিবির। তবে একটা তথ্য দিয়েছেন কমিটির প্রধান, নিরাপত্তাজনিত কারণে কোনো দল পাকিস্তান সফরে যেতে রাজি না হলেও কোচ হতে রাজি ১২ জন বিদেশি প্রার্থী। সংক্ষিপ্ত তালিকায় যে পাঁচজন আছেন তাঁদের সঙ্গে এখন যোগাযোগ করা হবে। তবে কোচ হিসেবে যিনিই নিয়োগ পান না কেন, তাঁকে বছরের বেশির ভাগ সময় কাটাতে হবে পাকিস্তানে। এমন একটা রূপরেখা তৈরি করেই পিসিবি নতুন কোচ নিয়োগ দেবে বলে জানিয়েছেন ইন্তিখাব। ওয়েবসাইট।