শ্রীলঙ্কা সিরিজেই সিলেটে ম্যাচ
নিউজিল্যান্ড সিরিজের সূচিতে ভেন্যু তালিকায় প্রথমে সিলেট বিভাগীয় স্টেডিয়াম থাকলেও মাঠ প্রস্তুত না হওয়ায় পরে বাদ পড়ে সেটি। তবে আন্তর্জাতিক ম্যাচের জন্য সিলেটবাসীর অপেক্ষার অবসান হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। জানুয়ারিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডেটি হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে।
তার আগে অবশ্য আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পেতে হবে স্টেডিয়ামটিকে। আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী এ মাসের মধ্যে শেষ হতে হবে স্টেডিয়ামের অবশিষ্ট কাজ। বিসিবি আশাবাদী, নির্ধারিত সময়ের আগেই সেটি হয়ে যাবে।
ফেব্রুয়ারি-মার্চে এশিয়া কাপ ক্রিকেট ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে জানুয়ারিতে। এফটিপি অনুযায়ী সিরিজটা প্রথমে দুই টেস্ট, তিন ওয়ানডের থাকলেও এখন তাতে যোগ হয়েছে দুটি টি-টোয়েন্টি ম্যাচও। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির খান জানালেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে। তাই শ্রীলঙ্কা ক্রিকেট ও বিসিবির আগ্রহে সিরিজে টি-টোয়েন্টি ম্যাচ দুটি যোগ করা হয়েছে।’ তবে সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না। এফটিপি অনুযায়ী এই সিরিজ লাগোয়া একটি তিন জাতি ওয়ানডে সিরিজও হওয়ার কথা ছিল পাকিস্তানকে নিয়ে। এশিয়া কাপের কারণে সেটি এখন চলে গেছে ২০১৫ সালে।
২৪ জানুয়ারি ঢাকায় এসে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কা প্রথম টেস্ট খেলতে নামবে ২৭ জানুয়ারি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৪ ফেব্রুয়ারি। ১২ ও ১৪ ফেব্রুয়ারি ওখানেই হবে দিবারাত্রির দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ১৭ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রথম ওয়ানডে এবং ২০ ও ২২ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় শেষ দুটি ওয়ানডেও দিবারাত্রির।