ব্যাটিং উইকেট বিবেচনায় অন্তত ২০-২৫ রান কম ছিল। ৪ ওভারে মাত্র ৮ রান দেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুস চোটের কারণে আর বোলিং করতে পারলেন না, অন্যতম স্ট্রাইক বোলার থিসারা পেরেরা মাঠ ছাড়লেন মাত্র ৫ বল করেই। আঙুলে ব্যান্ডেজ নিয়ে দিলশান বোলিং করতে পারলেন এক ওভার। ড্যানিয়েল ক্রিস্টিয়ানের হ্যাটট্রিক, প্যাটিনসনের ৪ উইকেট নিয়ে ফেরা, শেন ওয়াটসনের অধিনায়কোচিত ইনিংস, আরেকবার দেয়াল তুলে দাঁড়ানো ডেভিড হাসি, ব্রিসবেনের হোটেলে উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেটারদের টিভি পর্দায় চোখ আর শতকোটি ভারতীয়র প্রার্থনা—কোনো কিছুই বাধা হতে পারল না লঙ্কানদের জয়ের তাড়নার কাছে। ৯ রানের দারুণ জয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হলো শ্রীলঙ্কা। হলো ইতিহাসের পুনরাবৃত্তিও। ১৯৯৬ সালেও অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজের শেষ গ্রুপ ম্যাচে এই মেলবোর্নেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা। ভারতের নিভু নিভু আশার প্রদীপ একটু উজ্জ্বল হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ জয়ে। কাল তা নিভে গেল দপ করে। তিন মাসের হতাশার সফরের শেষটাও হলো হতাশায়! অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জটাও বেড়ে গেল। ফাইনালের প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে চার গ্রুপ ম্যাচের তিনটিতেই যে হেরেছে স্বাগতিকেরা!৮৪ বলে ৭৫ রানের ইনিংসটার জন্য ম্যাচ-সেরা দিনেশ চান্ডিমাল। কিন্তু শ্রীলঙ্কার জয়ের আসল নায়ক লাসিথ মালিঙ্গা। আগের ম্যাচে ভারতের কাছে ধোলাই হওয়ার পর ওয়াসিম আকরামের কাছে গিয়েছিলেন টিপস নিতে। সেই টিপসের কল্যাণে হোক আর জেদে, দুর্দান্ত বোলিং করলেন কাল। প্রথম স্পেলে ফিরিয়েছেন ওয়ার্নার ও ফরেস্টকে, দ্বিতীয় স্পেলে দারুণ খেলতে থাকা ওয়াটসনকে। নিজের শেষ ওভারে জেভিয়ার ডোহার্টিকে। কুলাসেকারার করা ম্যাচের শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১০, ছয় মারতে গিয়ে প্রথম বলেই লং অফে ধরা ছোট হাসি। জয়ের নায়ক হতে হতে হাসি হয়ে গেলেন ট্র্যাজিক নায়ক!শ্রীলঙ্কার ইনিংসে রান পেয়েছেন শুধু ৩, ৪ ও ৫ নম্বর ব্যাটসম্যান। ডেভিড হাসির অসাধারণ ফিল্ডিংয়ে জয়াবর্ধনে আর প্যাটিনসনের দুর্দান্ত এক বলে দিলশান আউট ১৭ রানের মধ্যেই। তৃতীয় উইকেটে সাঙ্গাকারা ও চান্ডিমালের ১২৩ রানের জুটি। দুজনকেই ফিরিয়েছেন প্যাটিনসন। ৪৪তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পেরেরা, সেনানায়েকে ও কুলাসেকারাকে ফিরিয়ে ক্রিস্টিয়ান করেছেন হ্যাটট্রিক। আচমকা পথ হারানো লঙ্কাকে ২৩৮ এনে দেন থিরিমান্নে। ইনিংসের শেষ বলে মালিঙ্গাকে বোল্ড করে ৫ উইকেট পেয়েছেন ক্রিস্টিয়ান। পরে সেই মালিঙ্গাই বল হাতে গড়ে দিয়েছেন পার্থক্য। ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩৮ (জয়াবর্ধনে ৫, দিলশান ৯, সাঙ্গাকারা ৬৪, চান্ডিমাল ৭৫, থিরিমান্নে ৫১, ম্যাথুস ৫, পেরেরা ৫, সেনানায়েকে ০, কুলাসেকারা ০, হেরাথ ১৪*, মালিঙ্গা ২; ক্রিস্টিয়ান ৫/৩১, প্যাটিনসন ৪/৫১); অস্ট্রেলিয়া: ৪৯.১ ওভারে ২২৯ (ওয়েড ৯, ওয়ার্নার ৬, ওয়াটসন ৬৫, ফরেস্ট ২, মাইক হাসি ২৯, ডেভিড হাসি ৭৪, ক্রিস্টিয়ান ৩, প্যাটিনসন ১২, ম্যাকাই ৬, ডোহার্টি ৭, হিলফেনহস ০*; মালিঙ্গা ৪/৪৯, কুলাসেকারা ২/৩৮, থিরিমান্নে ১/২৫, হেরাথ ১/৪৩, সেনানায়েকে ১/৫০)। ফল: শ্রীলঙ্কা ৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: দিনেশ চান্ডিমাল।