শ্রীলঙ্কাও ভোল পাল্টাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবাদ-বিরোধিতা যথেষ্ট হওয়ার পরও থামানো যায়নি আইসিসির আমূল পরিবর্তন। ‘বিগ থ্রি’র সংস্কার প্রস্তাব ঠিকই পাস হয়েছে সিঙ্গাপুরের বৈঠকে। পাকিস্তান আর শ্রীলঙ্কা বাদে সবাইকেই নিজেদের পক্ষে টেনে নিয়েছে ক্রিকেট মোড়লেরা। সবার আগে বিরোধিতার পরও দক্ষিণ আফ্রিকাও ভিড়েছে ক্ষমতাশালীদের দলে! বাস্তবতা অনুধাবন করেই কিনা সিঙ্গাপুরে ভোটদানে বিরত থাকা শ্রীলঙ্কাও শেষমেশ ভোল পাল্টে ফেলল। তারা এখন ‘বিগ থ্রি’র সংস্কার প্রস্তাবের পক্ষেই।

গতকাল সোমবার শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাহী কমিটির বৈঠকে ‘সর্বসম্মত’ সিদ্ধান্ত, এখন তারাও সংস্কার প্রস্তাবের পক্ষেই। এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, ‘৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভার ব্যাপারে আলোচনার জন্য আজ (১৭ ফেব্রুয়ারি) এসএলসির সদর দপ্তরে নির্বাহী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যরা সংশোধিত আইসিসির সংস্কার প্রস্তাব বিস্তারিত মূল্যায়ন করেছেন। সব সদস্য একমত হয়েই প্রস্তাব সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।’

আসলে শ্রীলঙ্কার কাছে বড় হয়ে উঠেছিল ‘একঘরে’ হওয়ার ভয়। এসএলসির সেক্রেটারি নিসান্থ রানাতুঙ্গা বললেন, ‘তারা আমাদের দৃষ্টিভঙ্গিকে সম্মান করেছে। আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া দারুণ।’ রানাতুঙ্গা অবশ্য চরম বাস্তবতাও এড়িয়ে যেতে পারলেন না। বললেন, ‘ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের গুরুত্ব আমাদের বুঝতে হবে।’ এক্ষেত্রে প্রচলিত সেই প্রবাদটিই বোধ হয় সত্যি হলো—‘জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই চলে না!’ ওয়েবসাইট।