শ্রীলঙ্কাকে এগিয়ে রাখছেন ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ তিনবারের দুবার চ্যাম্পিয়ন তারা। গত পাঁচবারের তিনবার। এবারও এশিয়া কাপের ফেবারিট হিসেবে শ্রীলঙ্কাকেই বেছে নিলেন ওয়াকার ইউনুস। তাঁর মতে, ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ধবলধোলাই আর সিবি সিরিজে ভারতের ফাইনালে উঠতে না-পারা—এই দুই ছবির বিপরীতে অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কার পারফরম্যান্সই এগিয়ে রাখছে দলটিকে। অবশ্য ওয়াকারের সম্পূরক তথ্য, বাকি দুই চ্যাম্পিয়নকেও খুব বেশি পিছিয়ে রাখা যাবে না।পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ বলছেন, ‘সাম্প্রতিক ওয়ানডেগুলোতে ভারত-পাকিস্তান দুই দলই খারাপ করেছে। অন্যদিকে, শ্রীলঙ্কা প্রত্যাশার চেয়েও ভালো করেছে অস্ট্রেলিয়ায়। শুধু ফর্মের কথা মাথায় রাখলে শ্রীলঙ্কাই কিছুটা এগিয়ে। কিন্তু উপমহাদেশের উইকেট, কন্ডিশন অন্য রকম। হবে স্পিন সহায়ক। তাই এখানে সেই শাশ্বত ব্যাপারটাই ঘটবে—নির্ধারিত দিনে যে ভালো খেলবে, সে-ই জিতবে। বিশেষ করে এই সব কটি দলই যখন এশিয়ার সেরা।’ বাংলাদেশকেও হালকা করে নিলে তিন ‘বড় ভাই’ ভুল করবে বলেও সতর্ক করেছেন কখনোই এশিয়া কাপ জিততে না-পারা সাবেক পেসার, ‘বাংলাদেশকেও একেবারে বাতিলের খাতায় ফেলে দিলে চলবে না। তারাও ভালো দল। তারা হয়তো টুর্নামেন্টটি জিতবে না। কিন্তু এ ধরনের বড় আসরে অঘটন ঘটানোর সামর্থ্য তাদের আছে।’ এশিয়া কাপের জন্য পাকিস্তানের দলটা ঠিকই আছে বলে মত দিয়েছেন ওয়াকার। তবে টানা ক্রিকেট খেলে পাকিস্তান একটু ক্লান্ত বলেও আশঙ্কা তাঁর। ক্রিকেটারদের ক্লান্তি দূর করে তরতাজা রাখার ব্যাপারে তাই নতুন কোচ ডেভ হোয়াটমোরকে দিয়েছেন পরামর্শ। ওয়েবসাইট।