শ্রীলঙ্কাকে টানছেন সামারাবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার বিকেলে প্রথম স্লিপে কুলাসেকারার বলে জিতান প্যাটেলের ক্যাচ নিতে গিয়ে আঙুল কেটে যায়। প্যাটেলকে পুনরুজ্জীবন দিয়ে দরদরিয়ে রক্ত ঝরা আঙুল চেপে ধরে থিলান সামারাবীরা নিজেই বেরিয়ে যান মাঠ থেকে। কেটে যাওয়া আঙুলে তিনটি সেলাই পড়েছে। ফলে তাঁর মাঠে নামাই ছিল অনিশ্চিত। কিন্তু সামারাবীরা কাল শুধু নামলেনই না, দলের প্রয়োজনে হয়ে গেলেন উদ্ধারকর্তা। সুরাজ রণদিভকে সঙ্গে নিয়ে খাদের কিনারা থেকে শ্রীলঙ্কাকে টেনে নিয়ে যাচ্ছেন তিনিই।একসময় ১২৮ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে শ্রীলঙ্কা। এর পরই রণদিভকে নিয়ে সামারাবীরার স্রোতের বিপরীতে লড়াই। সপ্তম উইকেটে গড়েছেন ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি। তাতে ফলোঅনের শঙ্কা তো মুছে গেছেই, আলোকস্বল্পতায় ২৫.৪ ওভার আগেই যখন দিনের সমাপ্তি টানেন দুই আম্পায়ার, শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ২২৫। এখনো অবশ্য নিউজিল্যান্ডের ৪১২ থেকে ১৮৭ রান পিছিয়ে। কিন্তু ফলোঅন এড়িয়ে মানসিকভাবে শ্রীলঙ্কা এখন অনেকটাই উজ্জীবিত। তার চেয়েও বড় কথা, উইকেটে আছেন সামারাবীরা-রণদিভ। দিন শেষে সামারাবীরা ৭৬ আর রণদিভ ব্যাট করছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ৩৪ রান নিয়ে। এই ৭৬ রান নিয়ে কলম্বোর পি সারা ওভালে সামারাবীরার রান হলো ৫৯৭, গড় ৯৯.৫০। আজ তাঁর সামনে সুযোগ গড়টাকে ১০০-এর ওপরে নিয়ে যাওয়ার।আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান পারানাভিতানা এবং ম্যাথুস কাল সকালের সেশনটিও নিরাপদে কাটিয়ে দিচ্ছিলেন প্রায়। কিন্তু মধ্যাহ্নবিরতির আগে আগে বড় এক ধাক্কা দেন সাউদি। আউট করেন দুজনকেই। ১০২ রানের মাথায় পারানাভিতানা (৪০) ও ১০৩ রানে ম্যাথুসকে (৪৭) হারানো শ্রীলঙ্কা মধ্যাহ্নবিরতিতে যায় ৫ উইকেটে ১০৭ রান নিয়ে।