শ্রীলঙ্কাকে নিরাশ করল আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু আইসিসির কাছে চিঠি পাঠিয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি জয়ন্থা ধর্মদাসা। ‘বিগ থ্রি’র সংশোধিত প্রস্তাবের আইনগত বৈধতা আছে কি না, তা জানতে চেয়েছিল এসএলসি সভাপতি। কাল আইসিসির আইনি বিভাগের প্রধান ইয়ান হিগিন্স জানিয়েছেন, প্রস্তাবের আইনি দিক নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সংশোধিত প্রস্তাবের বিরুদ্ধে আগেই অবস্থান নিয়েছিল শ্রীলঙ্কা। এসএলসির সভাপতি ধর্মদাসা বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতির পরই আইসিসিকে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু হিগিন্স নিরাশই করলেন শ্রীলঙ্কাকে। জানিয়ে দিয়েছেন, সংশোধিত প্রস্তাব নিয়ে আপত্তি থাকলে ভোট দিয়েই সেটার বিপক্ষে অবস্থান নিতে হবে। এখানে আইনগত দিক নিয়ে চ্যালেঞ্জ জানানোর সুযোগ নেই।

আইসিসিকে পাঠানো চিঠিতে ধর্মদাসা দাবি করেছিলেন সংশোধিত প্রস্তাব আইসিসির মূলনীতির বিরোধী। একই সঙ্গে আইসিসির সিংহভাগ আয় ‘বিগ থ্রি’র কোষাগারে জমা হবে, সেটা নিয়েও নিজেদের উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই একটা বিষয়ে অবশ্য ধর্মদাসার সঙ্গে একমত হিগিন্স। আর্থিক কাঠামোর সংস্কার নিয়ে যে ভাবনার অবকাশ আছে সেটা স্বীকারও করেছেন।

আজ সিঙ্গাপুরে আইসিসির বৈঠকের আগে সংশোধিত প্রস্তাব নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। পাকিস্তান আজ প্রস্তাবের বিরুদ্ধে থাকবে বলেই জানিয়েছে। দেশটির কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামও উদ্বেগটা গোপন করেননি, ‘আমাদের ক্রিকেট দুনিয়াটা খুবই ছোট। এখানে নতুন করে কোনো বিভাজন হোক, সেটা আমরা চাইতে পারি না। আমি খসড়াটা পড়েছি। যদি এমন কিছু থাকে, কিছু দেশের হাতেই সব চলে যাবে তাহলে সেটা বাদ দেওয়া উচিত। কোনো দেশকে আমরা দূরে ঠেলে দিতে পারি না।’

সংশোধিত প্রস্তাবে সই না করলে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার পরিণতি নিয়েও আশঙ্কাও ব্যক্ত করেছেন আকরাম, ‘যেটা শুনছি, সই না করলে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সবার লক্ষ্যবস্তু হবে। কেউ এমন কিছু চায় না, কারণ দুটি দেশই ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ ক্রিকইনফো, এএফপি।