ডাকওয়ার্থ-লুইস আইন নিয়ে অনেক কৌতুক প্রচলিত। সবচেয়ে জনপ্রিয়টি হলো, যে দুই ইংলিশ পরিসংখ্যানবিদের হাতে এটির জন্ম, সেই ফ্রাঙ্ক ডাকওয়ার্থ ও টনি লুইসও নাকি এখন এই আইন বোঝেন না! ডাকওয়ার্থ-লুইসের গোলকধাঁধায় পরশু আরেকবার ঘুরপাক খেলো ক্রিকেট-বিশ্ব। ২৯ ওভার শেষে বৃষ্টি এসে যখন থামাল ভারতীয় ইনিংস, রান ৩ উইকেটে ১১৯। সাড়ে চার ঘণ্টার বৃষ্টিবিরতি খেয়ে নিল ভারতীয় ইনিংসের বাকিটা। খেলা শুরু হলে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়াল ২৬ ওভারে ১৭৮। প্রতিপক্ষকে ৪.১০ রানরেটে আটকে রেখেও জয়ের জন্য লঙ্কানদের লক্ষ্য রানরেট প্রায় ৭! কঠিন লক্ষ্যটা অসম্ভব বানিয়ে ছাড়ল ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিং। শ্রীলঙ্কা গুটিয়ে গেল ভারতের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন ৯৬ রানে। শ্রীলঙ্কার তাতে ক্ষতি কিছু হয়নি, তবে কপাল পুড়েছে ওয়েস্ট ইন্ডিজের। মাস খানেক আগে ডাকওয়ার্থ-লুইসে বিদায় নিতে হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি থেকে। এবার ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়ে পরোক্ষ ভূমিকা সেটারই। টানা দুই ম্যাচ জিতে শুরু করা স্বাগতিক দলই ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। টানা দুই হারে শুরু করা ভারত ফাইনালে উঠল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে! পরশু ভারতের কাছে ৮১ রানের বড় হার সত্ত্বেও শ্রীলঙ্কার রানরেট (+০.৩৪৮) ওয়েস্ট ইন্ডিজের (-০.৩৮৩) ওপরে। আজকের ফাইনালে আরও একবার মুখোমুখি তাই ওয়ানডের সবচেয়ে নিয়মিত দুই প্রতিপক্ষ। এটি ভারত-শ্রীলঙ্কার ১৪৩তম লড়াই।দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উজ্জীবিত ভারত আজ পেয়ে যেতে পারে আরেকটা বড় টনিক। আজকের ফাইনালে টস করতে নামার সম্ভাবনা আছে মহেন্দ্র সিং ধোনির! চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বলা হলেও দলের সঙ্গেই রয়ে গেছেন ভারত অধিনায়ক। মেঘলা আকাশের নিচে বৃষ্টির ছোঁয়া পাওয়া সবুজাভ উইকেটে বলকে ইচ্ছেমতো কথা বলিয়েছেন ভুবনেশ্বর। ইনসুইং-আউট সুইংয়ের অপূর্ব প্রদর্শনীর সঙ্গে ছিল উইকেটের সৌজন্যে হঠাৎ হঠাৎ লাফিয়ে ওঠা বল। ৭ রানরেট ধাওয়া করা বহুদূর, টিকে থাকাই মুশকিল হয়ে পড়ে লঙ্কানদের। ৬-১-৮-৪—ভুবনেশ্বরের এই স্পেলেই ম্যাচ কার্যত শেষ। সেই উইকেট চারটি আবার থারাঙ্গা-জয়াবর্ধনে-সাঙ্গাকারা-থিরিমান্নের! জাদেজা-ইশান্তরা (দুজনই ২/১৭) মিলে পরে লঙ্কানদের গুটিয়ে দেন এক শর নিচেই।আগে ব্যাটিং করায় ভারতের ওপর শ্রীলঙ্কার মতো রানরেটের চাপ ছিল না। উইকেটের চরিত্র বুঝে আর আবহাওয়ার মর্জি আন্দাজ করে ভারত হেঁটেছে উইকেট ধরে রাখার নিরাপদ পথে। ২৯ ওভারে মাত্র ৩ উইকেট হারানোতেই ডাকওয়ার্থ-লুইসে শ্রীলঙ্কার লক্ষ্যটা অমন কঠিন দাঁড়ায়। ৪৮ রানের ইনিংস খেলে বড় অবদান রাখেন রোহিত শর্মা, পরিস্থিতির দাবি অনুযায়ী চরিত্রবিরোধী খেলে ৮৩ বল খেলে থেকে যান অপরাজিত। সমীকরণ পক্ষে রাখতেই উইকেট ধরে রাখার কৌশল, ম্যাচ শেষে জানালেন তৃপ্ত বিরাট কোহলি। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে সবার ওপরে থেকে ফাইনালে ওঠায় ভারপ্রাপ্ত অধিনায়ক উচ্ছ্বসিত, ‘আমি ও রোহিত যখন খেলছিলাম, আমরা চাইছিলাম উইকেটে পড়ে থাকতে। এটাই পরে কাজে দিয়েছে। হাতে উইকেট থাকাতেই ডি-এল সমীকরণ আমাদের পক্ষে এসেছে। এভাবে ঘুরে দাঁড়িয়ে শীর্ষে থেকে ফাইনালে ওঠা অসাধারণ ব্যাপার। দলের পারফরম্যান্সে আমি ভীষণ গর্বিত।’ ওয়েবসাইট।