শ্রীলঙ্কাকে পথ দেখালেন দিলশান
শ্রীলঙ্কাকে একটু ভয়ই ধরিয়ে দিয়েছিল আফগানিস্তান। শুরুতে হোঁচট খেয়ে আফগানরা শেষ পর্যন্ত ছুড়ে দিয়েছিল ১৫৪ রানের লক্ষ্য। কিন্তু তিলকরত্নে দিলশান সেটিকেই মামুলি বানিয়ে ফেললেন, ৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে জিতল টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৬ বলে অপরাজিত ৮৩ রানের দুর্দান্ত এক ইনিংসে দিলশান বার্তা দিলেন, এখনো অনেক কিছুই দেওয়ার আছে তাঁর।
ইডেন গার্ডেনে ১৫৪ রান তাড়া করে শ্রীলঙ্কার শুরুটা ভালোই হয়েছিল, দুই ওপেনার ৫ ওভারেই তুলে ফেলেছিলেন ৪১ রান। কিন্তু ষষ্ঠ ওভারে কোনো রান না দিয়ে দীনেশ চান্ডিমালকে ফিরিয়ে দেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। আফগানিস্তানের আশার পালে একটু হাওয়া লাগে। কিন্তু দিলশান শেষ পর্যন্ত কোনো বিপদ হতে দেননি। শ্রীলঙ্কার কাজটা অবশ্য আফগান ফিল্ডাররাও সহজ করে দিয়েছেন। ওভারথ্রো আর বাজে ফিল্ডিংয়ে বেশ কিছু রান গচ্চা দিয়েছে আফগানিস্তান।
অথচ প্রথম ইনিংস শেষে আফগানিস্তানকে আশা দেখাচ্ছিলেন অধিনায়ক আসগর স্টানিকজাই। প্রথম ১০ ওভার শেষে আফগানিস্তানের ছিল ৪৭ রান, হারিয়ে ফেলেছে ৩ উইকেট। ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত আফগানরা ১৫৩ রান করবে, খুব বেশি লোক সেটি নিশ্চয়ই ভাবেননি। তিনে নেমে শুরুতে এক প্রান্ত আগলে ছিলেন স্টানিকজাই, ঝড় শুরু করেছেন পরে। যখন আউট হয়েছেন, নামের পাশে ৪৭ বলে ৬২ রান। কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ইনিংস।
স্টানিকজাই যদি নায়ক হয়ে থাকেন, পার্শ্বনায়ক অবশ্যই সামিউল্লাহ শেনোয়ারি। ৫১ রানে ৪ উইকেট হারিয়ে আফগানিস্তান যখন কাঁপছিল, স্টানিকজাইয়ের সঙ্গে হাল ধরেছেন শেনোয়ারি। স্টানিকজাই একটু রয়েসয়ে খেললেও শেনোয়ারির ব্যাট চলেছে খাপখোলা তলোয়ারের মতো। মাত্র ১৪ বলেই ৩১ রান করেছেন শেনোয়ারি। শেষ ওভারে নজিবুল্লাহ জাদরানের ছোট্ট ঝড়ে আফগানিস্তান পেরিয়েছে ১৫০ রান।