শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ৫: ৩ শ্রীলঙ্কা ব্যাংককের কুইন সিরকিম হকি স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন জনা পঞ্চাশেক প্রবাসী বাংলাদেশি। তাঁদের হাতে ছিল লাল-সবুজ পতাকা। এই প্রবাসীদের মোটেও হতাশ করেননি বাংলাদেশের হকি খেলোয়াড়েরা। এএইচএফ কাপ হকির সেমিফাইনালে কাল শ্রীলঙ্কাকে ৫-৩ গোলে হারিয়েই ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। ওমানকে ফাইনালে হারিয়ে এখন শিরোপাটাই জিততে চায় রাসেল-মামুনদের দল। যদিও ফাইনালে পা দিয়েই একটা বড় প্রাপ্তি উঠেছে হাতে। আগামী বছর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়ে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরেছে বাংলাদেশ দলের। ব্যাংকক থেকে টেলিফোনে কাল সেটাই জানালেন ডিফেন্ডার মামুনুর রহমান (চয়ন), ‘শুরুতেই গোল খেয়ে বেশ চাপে পড়ে গিয়েছিলাম।’ শেষ পর্যন্ত অবশ্য চাপ ভালোমতোই সামলে ফাইনালে উঠেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতেই খাওয়া গোলটা বাংলাদেশ ১১ মিনিটে শোধ করে কামরুজ্জামানের ফিল্ড গোলে। এরপর আবারও গোল করে এগিয়ে যায় শ্রীলঙ্কা। ১৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান (২-২) টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা মামুনুর। ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেই মামুনুর এগিয়ে দেন দলকে (৩-২)। খানিক পর শ্রীলঙ্কা ৩-৩ করে ফেলে স্কোরলাইন। উত্তেজনায় ঠাসা শেষ ১৩ মিনিটে দুই গোল করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন কৃষ্ণ ও অধিনায়ক রাসেল মাহমুদ (জিমি)। জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অনুভূতিটা প্রকাশ পেল মামুনুরের কথাতেই, ‘সবচেয়ে খুশি লাগছে এই ভেবে, আগামী এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছি আমরা। মাঠে নামার আগে একটু নার্ভাস ছিলাম। তবে আত্মবিশ্বাসও ছিল যে আমরা পারব।’ সেমিফাইনাল জিতে ফাইনালে ওঠার পর কোনো বিরতি মিলছে না। আজই ফাইনাল। বাংলাদেশ দলের কোচ মাহবুব হারুনের যা একটু দুশ্চিন্তা এই ক্লান্তি নিয়েই, ‘এক দিন বিশ্রাম পেলে ভালো হতো। টানা খেলে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। তবে দলে কোনো ইনজুরি নেই।’ সর্বশেষ সিঙ্গাপুরে ২০০৮ সালের এএইচএফ কাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিলেন মাহবুব হারুন। আশা করছেন শিরোপা ধরে রাখতে পারবেন, ‘আশা করি, এবারও চ্যাম্পিয়ন হতে পারব।যেভাবে ছেলেদের খেলতে বলছি, মাঠে সেভাবেই তারা খেলছে।’ ওমানের বিপক্ষে এখন পর্যন্ত হারেনি বাংলাদেশ। এই পরিসংখ্যানও অনুপ্রাণিত করছে তাঁকে।