শ্রীলঙ্কান ক্রিকেটের ‘কলঙ্ক’ থারাঙ্গা
নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তবে শেষ রক্ষা হলো না উপুল থারাঙ্গার। বিশ্বকাপ ক্রিকেটে ডোপ পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হওয়ার ঘটনায় শ্রীলঙ্কার এই ব্যাটসম্যানকে আজ শুক্রবার তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।থারাঙ্গার নিষিদ্ধ হওয়ার ঘটনায় ‘কলঙ্কিত’ হলো শ্রীলঙ্কান ক্রিকেট। কারণ, শ্রীলঙ্কার ইতিহাসে থারাঙ্গাই প্রথম ক্রিকেটার যিনি ডোপ কেলেঙ্কারির কারণে নিষিদ্ধ হলেন। আইসিসি জানিয়েছে, থারাঙ্গার নিষেধাজ্ঞা কার্যকর হবে গত ৯ মে থেকে। এ হিসাবে আগামী ৯ আগস্ট ক্রিকেটে ফিরতে পারবেন এই ব্যাটসম্যান।নিষেধাজ্ঞার রায়ের পর থারাঙ্গা বলেছেন, ‘অসাবধানতাবশত এই অপরাধ করায় আমি শ্রীলঙ্কা ক্রিকেট ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি, আমার অভিজ্ঞতা থেকে অন্যরা শিক্ষা নেবে। চিকিত্সা নেওয়ার সময় আরও বেশি সচেতন হবে।’ বিশ্বকাপে থারাঙ্গার ডোপ টেস্টে পজিটিভ হওয়ার খবর গত মাসে প্রকাশ করে ব্রিটেনের জনপ্রিয় দৈনিক ‘সানডে টাইমস’। প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের সেমিফাইনালে অপরাজিত সেঞ্চুরি করা থারাঙ্গা ‘প্রেডনিসোলন’ নামের ওষুধ সেবন করেছিলেন, যেখানে নিষিদ্ধ বস্তুর উপস্থিতি আছে।এ ওষুধ সেবনের কথা পরবর্তী সময়ে স্বীকারও করে নেন থারাঙ্গা। তবে তিনি দাবি করেন, শ্রীলঙ্কার একজন বিখ্যাত চিকিত্সকের নির্দেশনা অনুসারেই ওষুধ সেবন করেছিলেন তিনি। ভারতের শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর ও আশিষ নেহরাও ওই চিকিত্সকের পরামর্শ অনুসারে ওষুধ সেবন করেন। ওয়েবসাইট।