শ্রীলঙ্কান দূতাবাসে বিসিবির কর্মকর্তারা
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিজেদের উদ্যোগেই পর্যবেক্ষণ করছে ঢাকায় শ্রীলঙ্কান দূতাবাস। সেই পর্যবেক্ষণ যে রকমই হোক, জানুয়ারিতে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ব্যাপারে কাল তারা আশ্বাসই দিল বিসিবিকে।
বিসিবির পরিচালক মাহবুবুল আনাম ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কাল দেখা করেছেন বাংলাদেশে শ্রীলঙ্কান হাইকমিশনারের সঙ্গে। বাংলাদেশ সফরের সময় শ্রীলঙ্কা ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিসিবির দুই কর্মকর্তা। জবাবে হাইকমিশনারের কাছ থেকেও বিসিবি ইতিবাচক মনোভাবই পেয়েছে বলে জানিয়েছে সূত্র। মাহবুবুল আনাম কাল জানিয়েছেন, ‘শ্রীলঙ্কান হাইকমিশনারের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি এবং তাঁকে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতির ব্যাপারে জানানো হয়েছে।’
২৪ জানুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কা ক্রিকেট দলের। বাংলাদেশের সামনে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে। শ্রীলঙ্কা সিরিজটা তাই ঠিকঠাকভাবে হওয়া বেশ গুরুত্বপূর্ণ বিসিবির জন্য। বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা না এলে
তার অশুভ প্রভাব পড়তে পারে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
অবশ্য বিসিবির জন্য স্বস্তির খবর, আইসিসির চাহিদা অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পাওয়া গেছে।