শ্রীলঙ্কান ‘আইপিএল’ শুরু ১৯ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের অভূতপূর্ব সাফল্যে উদ্বুদ্ধ হয়ে শ্রীলঙ্কাও শুরু করতে যাচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। আগামী ১৯ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম আসর। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ড।সাতটি দল নিয়ে শুরু হবে এই টি-টোয়েন্টি লিগের প্রথম আসর। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার হারশেল গিবস, ওয়েস্ট ইন্ডিজের কিরন পোলার্ড, ক্রিস গেইলসহ এরই মধ্যেই অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। লঙ্কান ক্রিকেট বোর্ড আজ এক বিবৃতিতে বলেছে, ‘এই লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় নতুন এক মাত্রা যোগ করতে যাচ্ছে।’২৪ ম্যাচের এই লিগটি শুরু হবে সাতটি দল নিয়ে। বাসনাহিরা বিয়ারস, কানদুরাটা কাইটস, মাগেনাহিরা নাগাস, রুহুনু রিনোস, উথুরা অরেক্সেস, উভা ইউনিকর্নস ও ওয়াম্বা উলভস নামের এই সাতটি দল নিয়ে শুরু হবে এই লিগের প্রথম আসর। দলগুলো শ্রীলঙ্কার সাতটি প্রদেশের প্রতিনিধিত্ব করবে। প্রতিটি দল সর্বোচ্চ পাঁচজন বিদেশি খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করতে পারবে। তবে প্রতি খেলায় তারা মাঠে নামাতে পারবে চারজন বিদেশি ক্রিকেটারকে। শ্রীলঙ্কান তরুণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে প্রতি ম্যাচে একজন তরুণ খেলোয়াড়কে (অনূর্ধ্ব ২১) মাঠে নামানো বাধ্যতামূলক করেছে লিগ কর্তৃপক্ষ। রয়টার্স।