শ্রীলঙ্কার অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো
মহেন্দ্র সিং ধোনিই প্রথম নন। নিশ্চিতভাবেই শেষও নন। টেলএন্ডারের সঙ্গে কোনো স্বীকৃত ব্যাটসম্যানের জুটি হলেই আধুনিক অধিনায়কদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যায়। ভালো ব্যাটসম্যানকে সহজেই এক রান নিতে দিয়ে টেলএন্ডারকে চেপে ধরা। এমন রক্ষণাত্মক মানসিকতার মূল্য অনেকবারই অনেককে দিতে হয়েছে। এ বছরের শুরুতেই বহুল আলোচিত সিডনি টেস্টেও এমনটা করেছিলেন মোহাম্মদ ইউসুফ। সুযোগ পেয়ে নবম উইকেটে ১২৩ রানের জুটি গড়ে মাইক হাসি ও পিটার সিডল জুটি অস্ট্রেলিয়াকে এনে দিয়েছিল চ্যালেঞ্জিং স্কোর, পরে ম্যাচটাও জিতে নিয়েছিল তারা। কাল একই কাজ করলেন ধোনি, মাশুল দেওয়ার পথে ভারত অধিনায়কও।কাল দিনের খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হলো শ্রীলঙ্কার ইনিংস। ২ উইকেটে ৬৩ রান থেকে স্কোর হয়ে গেল ৭ উইকেটে ৮৭। কিছুক্ষণ পর ৮ উইকেটে ১২৫। প্রথম ইনিংসে ১১ রানে পিছিয়ে থাকায় শ্রীলঙ্কার রান আসলে ১১৪। ভারতের জয়টাকে মনে হচ্ছিল তখন শুধুই সময়ের ব্যাপার। ধোনির রক্ষণাত্মক ফিল্ডিং সাজানোর সুযোগে নবম উইকেটে থিলান সামারাবীরা ও অজন্তা মেন্ডিসের রেকর্ড জুটি দলকে এনে দিল চ্যালেঞ্জিং স্কোর। শেষ বিকেলে ভারতের টপ-অর্ডার মুড়ে দিলেন সুরাজ রণদিভ। ভারতকে ম্যাচ জিততে হলে আজ ‘বিশেষ কিছু’ করতে হবে টেন্ডুলকার-লক্ষ্মণদের।সকালে শ্রীলঙ্কার বিপর্যয়ের শুরু প্রজ্ঞান ওঝার হাতে। রণদিভকে এলবিডব্লু করার পর শ্রীলঙ্কার সেরা দুই ব্যাটসম্যান সাঙ্গাকারা ও জয়াবর্ধনেকে ফিরিয়েছেন পর পর দুই ওভারে। জয়াবর্ধনে ধরা পড়েছেন স্লিপে, শর্ট বলে ক্যাচ হয়ে আরও একবার উইকেট উপহার দিয়েছেন সাঙ্গাকারা। হরভজন ফিট থাকলে হয়তো এই টেস্ট খেলাই হতো না আগের দুই টেস্টে ৩১১ রান দিয়ে ১ উইকেট পাওয়া ওঝার। সুযোগটাকে দারুণভাবে কাজে লাগিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং করে ফেললেন এই বাঁহাতি স্পিনার। উইকেট উপহার দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুসও। অমিত মিশ্রর ফুল টস তুলে দিয়েছেন টেন্ডুলকারের হাতে। পরের বলেই উইকেটকিপার প্রসন্ন জয়াবর্ধনেকে এলবিডব্লুকে করে দেন মিশ্র। অষ্টম উইকেটে সামারাবীরার সঙ্গে মালিঙ্গার ৩৮ রানের জুটি গড়ে তোলে প্রথম প্রতিরোধ। এর পরই সামারাবীরা-মেন্ডিসের বীরত্ব। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই উইকেট ছেড়ে বেরিয়ে চার মেরে মেন্ডিস বুঝিয়ে দেন আত্মবিশ্বাসের কমতি নেই তাঁর। যত সময় গড়িয়েছে, আত্মবিশ্বাস ঠিকরে বেরিয়েছে মেন্ডিসের ব্যাট থেকে। আরেক পাশে আস্থার মূর্ত প্রতীক হয়ে ছিলেন সামারাবীরা। ডিফেন্সে যেমন ছিলেন নিখুঁত, তেমনই বাজে বলের প্রাপ্যটাও চুকিয়েছেন দারুণ দক্ষতায়। দুজনের দৃঢ়তায় প্রথম সেশনে ৬ উইকেট হারানো শ্রীলঙ্কা দ্বিতীয় সেশনে উইকেট হারাল না একটিও!টেস্ট তো বটেই, প্রথম শ্রেণীর ক্যারিয়ারেই প্রথম ফিফটি পেয়েছেন মেন্ডিস। ওঝার একটি বল প্যাভিলিয়নের ছাদে পাঠিয়ে পেয়েছেন টেস্ট ক্রিকেটের প্রথম ছয়। কালকের ৮৩ দ্বিতীয় ইনিংসে সামারাবীরার দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। আর দুজনের ১১৮ রানের জুটি নবম উইকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ। পেছনে পড়ে গেছে ২০০৬ সালে চামিন্ডা ভাস ও নুয়ান কুলাসেকারার ১০৫ রানের জুটি। দ্বিতীয় নতুন বল নেওয়ার পর প্রথম ওভারেই আউট হয়েছেন সামারাবীরা। শেষ উইকেটে মহাগুরুত্বপূর্ণ আরও ২৪টি রান করার পর শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মেন্ডিস।‘মনে রাখার মতো ম্যাচ জেতানো ইনিংস কোথায়’—অবিশ্বাস্য এক ক্যারিয়ারে একমাত্র এই অপবাদটাই হয়তো দেওয়া যায় টেন্ডুলকারকে। প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি রেকর্ড গড়ার টেস্টটা স্মরণীয় করার উপলক্ষও পেয়ে গেছেন লিটল মাস্টার। পারবেন তিনি? তথ্যসূত্র: টেন স্পোর্টস।