কেনিয়ার বিপক্ষে দারুণ এক জয়ে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে পাকিস্তান। প্রতিপক্ষ শ্রীলঙ্কাও সমান আত্মবিশ্বাসী। রোমাঞ্চকর ম্যাচ হবে। কাগজে-কলমে অবশ্য শ্রীলঙ্কাই এগিয়ে। শ্রীলঙ্কার যদি কোনো দলকে ভয় পাওয়ার থাকে, সেটি পাকিস্তান। ম্যাচটি ওদের মাঠে, ওরা ফেবারিট, তাই চাপ থাকবে শ্রীলঙ্কার ওপরই।প্রেমাদাসার খটখটে উইকেটে বড় রানের ম্যাচ হবে বলেই প্রত্যাশা। ব্যাটিং-স্বর্গ উইকেটে টস জিতে পাকিস্তানের জন্য ব্যাটিং নেওয়াটাই হবে গুরুত্বপূর্ণ। দিনের শেষ ভাগে গরম কমে যায়, তাই আগে ব্যাটিং করলে পাকিস্তান যেমন মানসিকভাবে এগিয়ে যাবে, তেমনি বোলারদের জন্যও সুবিধা হবে।হাফিজ, আফ্রিদি, আবদুল রেহমান বা সাঈদ আজমল—এই তালিকা থেকে খুবই দক্ষ ও অভিজ্ঞ তিন স্পিনার পাচ্ছে পাকিস্তান। এখন নতুন বল রাজ্জাক না শোয়েবকে দেওয়া হবে, সেটাই সমস্যা। আগের ম্যাচে শোয়েব ভালো করেছে। গতি যেমন ছিল, তেমনি ছিল ধারাবাহিকতাও। ওকে আরেকটা স্পেল দেওয়াই যেত। উইকেট পেলে আত্মবিশ্বাস বাড়ত। যদিও সে সেদিন খুব বেশি সুইং করাতে পারেনি, তবে আমার মনে হয়, টুর্নামেন্ট যত এগোতে থাকবে ও তত ভালো করতে থাকবে।মিডল অর্ডার খুব ভালো। শহীদ আফ্রিদি ও রাজ্জাক ৭ ও ৮ নম্বরে ব্যাট করছে। পাকিস্তানের ব্যাটিংয়ের গভীরতাও তাই ভালো। উইকেট জমিয়ে রাখার কৌশলে যেতে হবে পাকিস্তানকে। পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে, তবে একজন ওপেনারকে অবশ্যই খেলতে হবে লম্বা ইনিংস। মিডল অর্ডারে মিসবাহ ভালো করছে। ফিল্ডিং-টিল্ডিং মিলিয়ে অধিনায়ককে ভালোই সংগত করছে ও। ইউনুসের দিকেও চোখ রাখতে পারেন। পুরো দলটাই ভালো করছে। জয়ের ইচ্ছা আছে। আছে কাঁধে কাঁধ মিলিয়ে অধিনায়কের সঙ্গে হাঁটার ইচ্ছা। প্রয়োজন শুধু একটা বড় জয়ের।দ্রুত উইকেট তুলে নিতে হবে। উপমহাদেশের উইকেটে এটিই পার্থক্য গড়ে দেয়। এ ছাড়া ফিল্ডিং নিয়ে কাজ করা প্রয়োজন। আগে ভালো করতে থাকা ওপেনাররা সর্বশেষ ম্যাচে কেমন একটু ভয় নিয়ে খেলেছে। বেশি শাফল করার পাশাপাশি আড়াআড়ি ব্যাট চালাচ্ছিল। মিডিয়াম পেসার আর স্পিনারদের সোজা ব্যাটে খেলতে হবে। আর চিন্তা করতে হবে বড় ইনিংস খেলার।আর কী, এ ম্যাচে জিতলেই তো পরবর্তী পর্বে যাওয়া প্রায় নিশ্চিত!