শ্রীলঙ্কার কাছে অনূর্ধ্ব-১৯ দলের হার
কাতারের বিপক্ষে ৩২৮ রানের জয়। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে অসাধারণ এই জয়ের এক দিন পরই আজ রোববার শ্রীলঙ্কার কাছে ৪৩ রানে হেরেছে বাংলাদেশ। দিনের অপর ম্যাচে ভারতকে ১ রানে পাকিস্তান, মালয়েশিয়াকে ১০৭ রানে নেপাল এবং কাতারকে ১৯১ রানে হারায় আফগানিস্তান।বোলারদের নৈপুণ্যে আজ শুরুটা দুর্দান্তই হয়েছিল বাংলাদেশের। নূর হোসেন-দেওয়ান সাব্বিরদের তোপে পড়ে ৪৩.২ ওভারে মাত্র ১৮৩ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশের লক্ষ্যটা কঠিন ছিল না মোটেই, মাত্র ১৮৪ রান। অথচ সহজ এই লক্ষ্যের কাছাকাছিও পৌঁছাতে পারেনি আসিফ আহমেদের দল। মাত্র ৩৮ ওভার খেলতেই ইনিংস গুটিয়ে যায় বাংলাদেশের। কাতারের বিপক্ষে ৩৬৩ রান করা বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে ১৪০ রানে অলআউট!মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু এই সিদ্ধান্তের মূলে শুরুতেই আঘাত হানেন বাংলাদেশি বোলাররা। ৩১ রান তুলতেই প্রথম তিনটি উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। উদ্বোধনী ব্যাটসম্যান পেরেরা (৪৭) ও ওয়েরাকোডির (৬৯) লড়াইয়ের পরও টেনেটুনে নিজেদের ইনিংসটা ১৮৩ রান পর্যন্ত নিয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে নূর হোসেন চারটি এবং দেওয়ান সাব্বির তিনটি উইকেট শিকার করেন। কাতারের বিপক্ষে গতকাল মাত্র ১০ রানের বিনিময়ে নয়টি উইকেট শিকার করা আবু হায়দার আজ উইকেটের দেখা পাননি। দু-একজনের কথা বাদ দিলে বাংলাদেশের সব ব্যাটসম্যানই আজ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ব্যর্থদের তালিকায় আছেন কাতারের বিপক্ষে ‘ডাবল’ সেঞ্চুরি করা সৌম্য সরকারও। উদ্বোধনী এই ব্যাটসম্যান আজ করেন ২৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন মোসাদ্দেক হোসাইন। বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাওয়ার সময় ২৯ রানে অপরাজিত থাকেন দেওয়ান সাব্বির। বাংলাদেশের ব্যাটিং অর্ডার তছনছ করে আমিলা আপনসো চারটি এবং থারিন্ডু কৌশাল তিনটি উইকেট শিকার করেন। সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ১৮৩/১০ (৪৩.২ ওভার)ওয়েরাকোডি ৬৯, পেরেরা ৪৭নূর ৩৪/৪, সাব্বির ২৮/৩বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৪০/১০ (৩৮ ওভার)মোসাদ্দেক ৪৭, সাব্বির ২৯*আপনসো ৩৭/৪, কৌশাল ১২/৩ফল: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ৪৩ রানে জয়ী।সূত্র: ক্রিকইনফো।