শ্রীলঙ্কার কোচ হচ্ছেন গ্রেগ চ্যাপেল?
জানুয়ারিতে শেষ হবে চুক্তির মেয়াদ। এরপরই শ্রীলঙ্কা ছেড়ে গ্রাহাম ফোর্ড দায়িত্ব নেবেন ইংলিশ কাউন্টি দল সারের। শ্রীলঙ্কার কোচ হিসেবে এই দক্ষিণ আফ্রিকানের উত্তরসূরি হচ্ছেন কে? আবেদনপত্র জমা পড়েছে ডজন খানেক। তবে গ্রেগ চ্যাপেলের নামই শোনা যাচ্ছে বেশি। শ্রীলঙ্কার ক্রিকেটের (এসএলসি) ঘনিষ্ঠ এক সূত্রই জানিয়েছে, ফোর্ডের উত্তরসূরি হওয়ার দৌড়ে ভারতের সাবেক কোচ এগিয়ে।
অনেকের মতেই চ্যাপেল সত্তরের দশকের বিশ্বসেরা ব্যাটসম্যান। তবে ‘মেজ চ্যাপেলের’ কোচিং ক্যারিয়ারটা খুব সমৃদ্ধ নয়। ভারতের কোচ হিসেবে এই অস্ট্রেলিয়ানের শেষটা হয়েছিল তিক্ততায়। এরপর বিভিন্ন সময় নানা জায়গায় খণ্ডকালীন কোচের দায়িত্ব পালন করলেও পূর্ণাঙ্গ কোচের দায়িত্ব কখনোই পাননি। ৬৫ বছর বয়সী চ্যাপেলের সেই আফসোস এবার মুছে যাচ্ছে বলেই ইঙ্গিত। আরও দুজন অস্ট্রেলিয়ান আছেন আগ্রহী তালিকায়—শেন ডাফ ও অপেক্ষাকৃত কম পরিচিত মাইকেল ও’সুলিভান। প্রতিদ্বন্দ্বিতায় আছেন তিন ভারতীয়—ভেঙ্কটেশ প্রসাদ, লালচাঁদ রাজপুত ও মোহিত সনি, বাংলাদেশের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট, নিউজিল্যান্ড ‘এ’ দলের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন এবং তিন শ্রীলঙ্কান। সাবেক অধিনায়ক মারভান আতাপাত্তু, ‘এ’ দলের কোচ রমেশ কালুভিথারানা ও ফিল্ডিং কোচ রুয়ান কালপাগেরাও। সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত চ্যাপেলের ভাগ্যে শিকে ছিঁড়বে? ওয়েবসাইট।