শ্রীলঙ্কার ক্রিকেটে ঘোর বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ শীর্ষ ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। জাতীয় দলে তাঁদের বিবেচনা না করতেও নির্বাচকদের নির্দেশনা দিয়েছে বোর্ড। এসএলসির সঙ্গে চুক্তি নিয়ে বড় ধরনের বিবাদে জড়িয়েছিলেন শ্রীলঙ্কার শীর্ষ ক্রিকেটাররা। বোর্ডের শর্ত মেনে নতুন চুক্তি করতে রাজি না হওয়াতেই এই শাস্তি পেলেন খেলোয়াড়েরা। গতকাল রাতে ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ বৈঠকে দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় কোনো সমাধান আসেনি। শুধু শীর্ষ ২৩ জনই নন। নতুন চুক্তির জন্য বেঁধে দেওয়া সময়সীমার (২ মার্চ) মধ্যে স্বাক্ষর করেননি আরও ৩৭ জন ক্রিকেটার। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দল সাজানোটাই মুশকিল হয়ে গেল। এর আগে ২০০৯ সালে ক্রিকেটারদের সঙ্গে বিরোধে জড়িয়েই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সারির দল নামিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এসএলসির সভাপতি উপালি ধর্মদাসা কাল বৈঠক শেষেই দুঃসংবাদ জানান, ‘আমরা বৈঠকে উপস্থিত সব খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি। আমরা আমাদের যুক্তি তুলে ধরেছি, তাঁরা তাঁদেরটা। আমরা বলেছি, কিছুই করব না। আমরা আমাদের যুক্তিতেই অটল থাকব।’ধর্মদাসা আরও জানিয়েছেন, ক্রিকেটাররা চুক্তি না করলে বোর্ডের কাছ থেকে কোনো সুযোগ-সুবিধাই পাবেন না, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের কাছ থেকে তাঁরা কোনো ধরনের সুযোগ-সুবিধা পাবেন না, না ফিজিও না কোচ কোনো কিছুই না। এমনকি তাঁর আমাদের ভেন্যুগুলোতে অনুশীলনও করতে পারবেন না। ’তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগেই সমস্যার একটা সমাধান হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি ধর্মদাসা। এসএলসি প্রধান এটাও বলে দিয়েছেন এ জন্য খেলোয়াড়দের আগে শর্ত মেনে চুক্তি করতে হবে। ক্রিকেটারদের চুক্তিপত্র দেওয়া হয়েছিল এক সপ্তাহ আগে। কিন্তু আইসিসি ইভেন্ট থেকে পাওয়া টাকাপয়সার ভাগ-বাঁটোয়ারা নিয়েই বেঁকেছেন তাঁরা। এত দিন আইসিসি থেকে পাওয়া অর্থের শতকরা ২৫ ভাগ যেত খেলোয়াড়দের পকেটে। কিন্তু এবার বোর্ড অস্বীকৃতি জানিয়েছে সেটা দিতে। ব্যাপারটা আরও জটিল হয়েছে এসএলসি খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেন ডি অলউইসের সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানানোয়। অলউইস জানিয়েছেন, ক্রিকেটারদের কাছে নাকি চুক্তিপত্রের কিছু ধারা বোধগম্য নয়। ওয়েবসাইট।