শ্রীলঙ্কার ক্লান্ত একদিন
ভাগ্য যখন পাশে থাকে না, তখন সারা দিনের হাড়ভাঙা খাটুনিতেও উইকেটের দেখা পান না কোনো বোলার। ভাগ্য পাশে না থাকলে যে এক দুটো ‘হাফ চান্স’ তৈরি হয়, সেগুলোও কাজে আসে না। বল মাঝব্যাটের কানা নিলেও উইকেটে লাগে না। এমনও হয়, ব্যাটের ছোঁয়া নিয়ে বল উইকেটকিপারের হাতে জমলেও আবেদনে সাড়া দেন না আম্পায়ার!শ্রীলঙ্কার জন্য এমনই একটা পরিশ্রান্ত আর ঘর্মাক্ত দিন গেল কাল। প্রথমে মোহাম্মদ হাফিজের সাবলীল ব্যাটিংয়ে তোলা ৭৫, এরপর ধৈর্যের পরীক্ষা দিয়ে তোলা তৌফিক উমরের সেঞ্চুরি আর আজহার আলীর ফিফটিতে আবুধাবি টেস্টে শক্ত অবস্থানে পাকিস্তান। হাতে ৯ উইকেট নিয়ে ৬২ রানের লিড তাদের।দিনের শেষটা যদি হয় তৌফিকের, শুরুটা অবশ্যই হাফিজের। দুজনের উদ্বোধনী জুটিটা দিন শুরু করেছিল ২৭ রান নিয়ে। প্রথম দিনের শেষ ওভারে দুটো চার মেরেছিলেন, কাল দিনের প্রথম ওভারেও চার মেরে হাফিজ বুঝিয়ে দেন, তিনি চালিয়ে খেলবেন। অবশ্য ৪০ থেকে ৫০-এর ঘরে পৌঁছাতে ৩৪ বল খরচ করেছেন। তার পরও সঙ্গী তৌফিকের তুলনায় অনেক স্বচ্ছন্দ ছিলেন। আর তাই ৭৩ রানে অপরাজিত থেকে যখন লাঞ্চে গেলেন হাফিজ, তৌফিকের রান মাত্র ৩৫।তবে টেস্ট ক্রিকেট যে ধৈর্যশীলদের পুরস্কার দেয়, দিন শেষে সেটাই প্রমাণিত হলো। লাঞ্চের পর দ্বিতীয় ওভারেই আউট হাফিজ। সারা দিনে শ্রীলঙ্কার এই একটাই সাফল্য, সৌজন্যে রঙ্গনা হেরাথ। তৌফিকের চেয়েও বেশি ধৈর্য নিয়ে যেন মাঠে নামেন আজহার আলী। ফলে বাকি সময়টা হতাশাতেই কেটেছে শ্রীলঙ্কার। টি-টোয়েন্টির এই জমানার সঙ্গে একেবারেই বেমানান সেঞ্চুরি (২৫৯ বলে) করে অপরাজিত আছেন তৌফিক। জাতীয় দলে ফেরার পর এটি তাঁর দ্বিতীয়, সব মিলে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ১৭৬ বলে ৬০ রানে অপরাজিত আজহার আছেন প্রথম সেঞ্চুরির অপেক্ষায়। ওয়েবসাইট।