শ্রীলঙ্কার চিন্তার নাম মুরালিধরন
প্রথম ম্যাচেই ২১০ রানের বিশাল জয়। বিশ্বকাপের দীর্ঘ পথের শুরুতেই দাপুটে জয়ে শ্রীলঙ্কানরা উচ্ছ্বসিত। এই উচ্ছ্বাসের এক কোণেই একটা শঙ্কার রেখা। শ্রীলঙ্কানদের এই শঙ্কার নাম মুত্তিয়া মুরালিধরন। নিজেরা ৭ উইকেটে ৩৩২ রানের পাহাড়ে ওঠার পর কানাডাকে ১২২ রানে গুঁড়িয়ে দেওয়া—হাম্বানটোটায় স্বাগতিকদের উজ্জীবিত নৈপুণ্যে মুরালিধরনের বোলিং যেন এক টুকরো কালো মেঘ।নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরাদের সামনে অসহায় কানাডিয়ানদের ব্যাটসম্যান-স্বত্ব যেন জেগে ওঠে মুরালিধরনকে পেয়ে! কানাডার ইনিংসের দুটি ছক্কাই মেরেছেন রিজওয়ান চিমা। দুটি ছক্কাই মুরালিধরনকে। এর মধ্যে এক ছক্কা, এক চারে এক ওভারে ১১ রান। কানাডা ৩৬.৫ ওভারে ১২২ রানে অলআউট। মুরালিধরন ৩৮ রান দিয়েছেন ৯ ওভারে, উইকেট নিয়েছেন দুটি। ওয়ানডে বিবেচনায় খারাপ কী! এ নিয়ে লেখালেখিরও কিছু নেই। কিন্তু বোলারের নাম যখন মুরালিধরন এবং প্রতিপক্ষ যখন কানাডা, তখনই কথা শুরু হয়ে যায়, শ্রীলঙ্কার একমাত্র চিন্তার নাম মুরালি! এএফপি।