শ্রীলঙ্কার চেয়ে অস্ট্রেলিয়াই ভালো
প্রথম রাউন্ডের বাধা পেরোতে খুব বেশি বেগ পেতে হয়নি স্বাগতিক ভারতকে। ছয় ম্যাচের চারটিতে জয়, একটিতে হেরে আর একটিতে টাই করে ভালোভাবেই চলে গেছে শেষ আটের লড়াইয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটাতে শুধু কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নির্বাচন করারই হিসাব-নিকাশ বাকি ছিল। ভারতীয় সমর্থকদের অনেকেই প্রত্যাশা করছিলেন যেন, ধোনিরা এ শেষ ম্যাচটা হেরে যান। তাহলে কোয়ার্টার ফাইনালে তাদের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হতো না। কিন্তু সে ক্ষেত্রে তাদেরকে লড়তে হতো আরেক স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। কোনটা ভারতের জন্য বেশি ভালো হতো, তা নিয়ে চলছে বিস্তর জল্পনা-কল্পনা। যদিও এখন ফিক্সচার পাল্টানোর কোনো সুযোগ নেই, তার পরও এ নিয়ে তর্ক-বিতর্কও থেমে নেই।লঙ্কানদের বিপক্ষে খেলা হলে সেটা ভারতকে খেলতে হতো শ্রীলঙ্কারই মাটিতে। কলম্বোর মোতেরাতে। সে ক্ষেত্রে বিপুল পরিমাণ দর্শকের সমর্থন থেকে নিশ্চিতভাবেই বঞ্চিত হতে হতো ধোনি বাহিনীকে। দ্বিতীয়ত, কলম্বোর উইকেটটাও হয়তো মুরলিধরন, মেন্ডিস, মালিঙ্গাদের কথা চিন্তা করেই প্রস্তুত করা হবে। এসব কথা ভেবে অনেকেই এখন ‘যা হয়েছে, ভালোই হয়েছে’ জাতীয় মন্তব্য করছেন।অন্যদিকে টানা তিনবারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়ার সেই সুবর্ণ সময় আর নেই। ম্যাথু হেইডেন, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, অ্যান্ডু সাইমন্ডসদের অনুপস্থিতিতে অনেকখানিই দুর্বল হয়ে পড়েছে এককালের ক্রিকেট শাসকরা। অসি অধিনায়ক রিকি পন্টিংও একের পর এক বিতর্কের জন্ম দিয়ে এ মুহূর্তে কিছুটা চাপের মুখেই আছেন। ব্যাট হাতে ফর্মটাও খুব একটা ভালো যাচ্ছে না দুইবারের শিরোপা জয়ী এই অস্ট্রেলিয়ান অধিনায়কের। এর সাথে বাড়তি পাওনা হিসেবে ভারত সঙ্গে পাচ্ছে নিজ দেশের বিপুল পরিমাণ দর্শক-সমর্থকদের। যাদের উপস্থিতি হয়তো অনেকখানিই অনুপ্রাণিত করবে ধোনি-টেন্ডুলকার-যুবরাজদের। এখন তাঁরা ২০০৩ বিশ্বকাপ ফাইনালে লজ্জাজনক হারের পাল্টা-জবাবটা বিশ্ব চ্যাম্পিয়নদের দিতে পারবে কি না, সেটাই দেখার বিষয়। টাইমস নিউজ নেটওয়ার্ক।