শ্রীলঙ্কার জন্য হিরণ্ময় সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের কলামেই লিখেছিলাম নিজেদের মাঠে খেলার সুবিধা শ্রীলঙ্কার সামনে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার সেই সুযোগটা ওরা লুফে নিক! ব্যাখ্যাতীতভাবে হোঁচট খেয়ে দক্ষিণ আফ্রিকা বিদায় নেওয়ায় শ্রীলঙ্কার জন্য কাজটা সহজই হয়েছে। অবশ্য নিউজিল্যান্ড যখন এক দৈত্য বধ করতে পেরেছে, আরেকটি দৈত্য বধ তো করতেই পারে। তাই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিকদের মাটিতেই পা রাখা উচিত।এখন আমি ভারতে। এখানে ইন্দো-পাক ম্যাচ নিয়ে সে কী উত্তেজনা! মাঠে আর মাঠের বাইরেও কত শোরগোল। রাজনৈতিক একটা আবহও এর মধ্যে ঢুকে পড়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন; সেই আমন্ত্রণ গ্রহণও করা হলো—এতে প্রমাণিত হয়, ক্রিকেটের আসল শক্তি কত বড়।আমার বিশ্বাস ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভারত একটু এগিয়ে থাকবে। এই এগিয়ে থাকা খুবই সামান্য। ধরুন, ৫১-৪৯। ভারত নিশ্চয়ই এটা মাথায় রাখবে। পাকিস্তান খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, দুঃসাহসী একটা দল। যারা এই টুর্নামেন্টের অন্যতম দুই ফেবারিট অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছে। টুর্নামেন্টের সেরা বোলিং আক্রমণও ওদের। স্পিনাররা দারুণ কার্যকর, পেসাররাও ভারতীয় ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ ছুড়তে পারে।ভারত তাই প্রতিবেশীর কাছ থেকে আক্রমণাত্মক ক্রিকেটের চ্যালেঞ্জই পাবে। পাকিস্তানও নিশ্চয়ই জানে, ইতিহাস গড়া থেকে তারা মাত্র দুটো ম্যাচ দূরে। যেভাবে খেলছে, সেই ইতিহাস তাদের পক্ষে গড়াও সম্ভব, যদি সবকিছু ঠিকঠাকমতো হয়। অবশ্য ভারতীয় ব্যাটসম্যানরাও অনেক অভিজ্ঞ। টুর্নামেন্টে ওরা ভালো খেলছে। বড় বড় স্কোরও করেছে। ভারতীয় ব্যাটিংয়ের যে অভিজ্ঞতা আর মান, এ কারণেই তাদের ফেবারিট হিসেবে ধরতে হবে। তবে আবারও বলি, সেখানেও তারা এগিয়ে সামান্য ব্যবধানে।এবার শ্রীলঙ্কা প্রসঙ্গ। তাদের সর্বনাশ করতে পারে আত্মতৃপ্তি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ না-পাওয়া। শ্রীলঙ্কার লোয়ার মিডল অর্ডারও ভয়ের কারণ। কেননা, প্রতিটি ম্যাচেই হয় কুমার সাঙ্গাকারা, নয়তো দুই ওপেনারই কাজটা করে দিয়েছে। লোয়ার মিডল অর্ডারকে পরীক্ষা দিতে হয়েছে শুধু পাকিস্তানের বিপক্ষে। সেও এক মাস আগে। আমি তাই আশা করব, টপ অর্ডার বাকি দুটো ম্যাচেও কাজটা করে দেবে, যাতে লোয়ার মিডল অর্ডারকে নিতে না হয়।প্রায়ই বলা হয়, নিউজিল্যান্ড আক্রমণাত্মক একটা দল, যারা জয়ের জন্য নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নির্ভর করে না। দলের প্রত্যেকে অবদান রাখতে পারে। পুরো একটা দল হয়ে খেলে। তাদের ফিল্ডিংও দুর্দান্ত। ফিল্ডিংই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওদের জেতাল। আর সেমিফাইনালে কোনো দলকেই হালকা করে দেখা যায় না। শ্রীলঙ্কার জন্য তাই সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া, সেই অনুযায়ী খেলা খুবই গুরুত্বপূর্ণ। ভেট্টোরিসহ বাকি স্পিনাররা কিন্তু ভালো ফর্মে আছে। শ্রীলঙ্কা অবশ্য স্পিন ভালো খেলে। সব মিলিয়ে বলব, শ্রীলঙ্কার জন্য এটি তৃতীয়বারের মতো ফাইনাল খেলার হিরণ্ময় সুযোগ।