শ্রীলঙ্কার জয়যাত্রায় পিষ্ট ইংল্যান্ড

দুটি প্রদর্শনীই চলছে ‘মহাসমারোহে’। একটা শ্রীলঙ্কার জয়যাত্রার। অন্যটা ইংল্যান্ডের একের পর এক ব্যর্থতার। প্রদর্শনীর সর্বশেষ দৃশ্যে কাল শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হেরেছে ইংল্যান্ড। শুধু এটুকু বললে অবশ্য ওয়েলিংটন-প্রদর্শনীর সবটুকু বলা হয় না। কুমার সাঙ্গাকারার টানা দ্বিতীয় সেঞ্চুরির সঙ্গে ওপেনার লাহিরু থিরিমান্নের সেঞ্চুরিতে মহিমান্বিত শ্রীলঙ্কার এই জয়!
এ পর্যন্ত খেলা চার ম্যাচে শুধু স্কটল্যান্ডকে হারানো ইংল্যান্ডের চোখে কি তাহলে বিশ্বকাপের প্রস্থান-দুয়ারই দৃশ্যমান? উত্তর দেবে ইংল্যান্ডের বাকি দুটি ম্যাচ। তবে আপাতত শেষ আটে যাওয়ার সমীকরণ তাদের জন্য এতটাই কঠিন হয়ে পড়েছে যে, পরের দুই ম্যাচে বাংলাদেশ আর আফগানিস্তানকে হারালেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলের দিকেও।
১৬ বল বাকি থাকতে ৯ উইকেটের জয়—এটুকুই বলে দিচ্ছে যে ম্যাচটিকে কতটা একতরফা বানিয়ে জিতেছে শ্রীলঙ্কা। অথচ একটা পর্যায়ে মনে হচ্ছিল, ইংল্যান্ড বুঝি এবার বেরিয়ে আসবে শনির দশা থেকে। ১৬১ রানে পড়ে ৪ উইকেট, সেখান থেকে পঞ্চম উইকেটে জো রুট আর জেমস টেলরের ৯৮ রানের জুটি। ইংল্যান্ডকে ৬ উইকেটে ৩০৯ রান এনে দিতে রুটের অবদানই সবচেয়ে বেশি। ওয়াডেতে এর আগেও তিনটি সেঞ্চুরি আছে তাঁর। তবে কালকেরটার গুরুত্ব আলাদা। এই ১২১ রানের ইনিংস দিয়েই ২৪ বছর বয়সী রুট হয়ে গেছেন বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। ব্যক্তিগত ২ রানে স্লিপে মাহেলা জয়াবর্ধনে ক্যাচটি না ছাড়লে অবশ্য গল্পটা অন্য রকমও হতে পারত।
রুটের কৃতিত্ব ম্লান হতে শুরু করে শ্রীলঙ্কার ইনিংসের সূচনা থেকেই। লাহিরু থিরিমান্নে-তিলকরত্নে দিলশানের ওপেনিং জুটিতেই ১৯ ওভারে ১০০। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান দিলশান ৪৪ করে মঈন আলীর বলে ক্যাচ দিয়েছেন মরগানকে। কিন্তু ইংলিশ ফিল্ডারদের পিচ্ছিল হাত তিন-তিনবার বাঁচিয়ে দিয়েছে থিরিমান্নেকে। সেঞ্চুরি করে থিরিমান্নে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ১৩৯ রানে। থিরিমান্নের আগে সেঞ্চুরি পেয়েছেন মাহেলা জয়াবর্ধনে, তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা। অর্থাৎ শ্রীলঙ্কার ওপরের দিকের চার ব্যাটসম্যানেরই সেঞ্চুরি হয়ে গেল এবারের বিশ্বকাপে।
অপরাজিত ছিলেন টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি (১১৭*) করা সাঙ্গাকারাও। দ্বিতীয় উইকেটে থিরিমান্নে ও সাঙ্গাকারার অবিচ্ছিন্ন ২১২ রানের জুটি যেকোনো উইকেটেই বিশ্বকাপে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ জুটি। একটা রেকর্ড অবশ্য নতুন করেই লিখলেন সাঙ্গাকারা। বাংলাদেশের বিপক্ষে এমসিজির গত ম্যাচে সেঞ্চুরিটা এসেছিল ৭৬ বলে, যেটি ছিল ওয়ানডেতেই তাঁর দ্রুততম সেঞ্চুরি। কাল সেটিকেও ‘অতীত’ বানিয়ে এক শ করলেন ৭০ বলে।
এই বিশ্বকাপে তিন শর বেশি রান হওয়াটাই যেন স্বাভাবিক ঘটনা। কিন্তু তিন শর বেশি রান তাড়া করে জেতার ঘটনা ঘটল প্রথম। শুধু এবারের বিশ্বকাপ কেন, বিশ্বকাপের ইতিহাসেই তিন শর বেশি রান তাড়া করে জয়ের উদাহরণ এর আগে ছিল মাত্র দুটি। গত বিশ্বকাপে ইংল্যান্ডের ৩২৮ রান তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড। এর আগে ১৯৯২-তে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কা জিতেছিল ৩১৩ রান তাড়া করে। তথ্যসূত্র: ক্রিকইনফো, এএফপি।
আগামীকালের খেলা
দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড
(সকাল ৯-৩০ মি., ক্যানবেরা)
গতকালের ফল
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩০৯/৬
শ্রীলঙ্কা: ৪৭.২ ওভারে ৩১২/১
ফল: শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী
পাকিস্তান: ৫০ ওভারে ২৩৫/৭
জিম্বাবুয়ে: ৪৯.৪ ওভারে ২১৫
ফল: পাকিস্তান ২০ রানে জয়ী