শ্রীলঙ্কার জয়, বিধ্বস্ত অস্ট্রেলিয়া
বিশ্বকাপের আগেই হতাশার অনলে পুড়তে হচ্ছে অস্ট্রেলিয়াকে। দুই দিন আগে ভারতের কাছে, আর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে বিধ্বস্ত হয়েছে অসিরা। অস্ট্রেলিয়ার হতাশার রাতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।অস্ট্রেলিয়ার হারের ইঙ্গিতটা দিয়েছিলেন দলটির দুই উদ্বোধনী ব্যাটসম্যান। রানের খাতাই খুলতে পারেন ওয়াটসন ও হাডিন কেউ। তবে অধিনায়ক রিকি পন্টিংয়ের ৫৫ আর মাইকেল ক্লার্কের ৭৩ রানের উপর ভর করে ২১৭ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ডেল স্টেইন ও পিটারসন তিনটি করে উইকেট তুলে নিয়ে অসিদের ইনিংস গুটিয়ে দেন ৪৭.১ ওভারেই। এরপর যেন অস্ট্রেলিয়াকে নিয়ে ছেলেখেলায় মেতে ওঠেন দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা। রিটায়ার্ড আউট হওয়ার আগে স্মিথ করেন ৬৫ রান। আর ৬০ রান করে স্বেচ্ছায় মাঠের বাইরে যান আমলা। ৪৭ রানে অপরাজিত থাকেন ডুমিনি।শ্রীলঙ্কার বিপক্ষে ভালোই সংগ্রহ গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ, ২৮১। ক্রিস গেইল ৫৮, ব্রাভো ৫৪ ও সারওয়ান ৩৯ রান করেন। কিন্তু দিলশানের ৬২, সাঙ্গাকারার ৭১ আর সামারাবীরার ৫৫ রানের উপর ভর করে ৪৭.৩ ওভারেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ক্রিকইনফো।