শ্রীলঙ্কার জয় ১৫৬ রানে, ওয়েস্ট ইন্ডিজের ৬১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হয়ে গেছে নিজেদের প্রস্তুত করার লড়াই। এ লড়াইয়ে প্রত্যাশিত জয় পেয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় হল্যান্ডকে ১৫৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্য ম্যাচে কেনিয়াকে ৬১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট ধরা হচ্ছে সহ-আয়োজক শ্রীলঙ্কাকে। প্রস্তুতি ম্যাচেই নিজেদের নামের প্রতি সুবিচার করেছে কুমার সাঙ্গাকারার দল। রান পেয়েছেন দলটির সব ব্যাটসম্যানই। দিলশানের ৭৮, সামারাবীরার ৬০, চামারা সিলভার ৫৪, থারাঙ্গার ৪৭ আর কাপুগেদারার অপরাজিত ৫০ রানের সুবাদে ৫ উইকেটে ৩৫১ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে ১৫ বল বাকি থাকতে ১৯৫ রানে অলআউট হয় হল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে দিলহারা ফার্নান্ডো চারটি এবং পেরেরা ও হেরাথ দুটি করে উইকেট নেন।কেনিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়টা আরও বড় হতে পারতো। রামনরেশ সারওয়ান একাই দলকে উপহার দেন ১২৩ রান। কিন্তু ডোয়াইন ব্রাভো (৫৪) ছাড়া কেউ সেভাবে ভালো করতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৫৩ রান।তুলনামূলক দুর্বল দল হলেও বেশ ভালোই লড়েছে কেনিয়া। ডেভিড ওবুইয়ার ৬৮ ও সেরেন ওয়াটার্সের ৪৩ রান মিলিয়ে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে দলটি। কিন্তু বাকিদের ব্যর্থতায় ৪৫.৩ ওভারে কেনিয়ার ইনিংস থেমে যায় ১৯২ রানে। ক্রিকইনফো।