শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ জয়
টি-টোয়েন্টি সিরিজের দুইটি ম্যাচেই জয় দিয়ে অস্ট্রেলিয়া সফরের শেষটা ভালোভাবেই করতে পেরেছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ৫ উইকেটের জয়ের পর আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীরা পেয়েছে ৩ রানের ঘামঝরানো জয়। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হলেও এখন টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে দেশে ফিরতে পারবেন লঙ্কান ক্রিকেটাররা। জয়ের জন্য শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ১০ ওভার খেলা হওয়ার পর মেলবোর্নে হানা দেয় বৃষ্টির বাধা। সেসময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল দুই উইকেট হারিয়ে ৬০ রান। বেশ খানিকটা সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওভার কমিয়ে নতুন লক্ষ্যমাত্রা স্থির করেন আম্পায়াররা। সেই হিসেব অনুযায়ী অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১২২ রান। সেসময় শেষ ৫ ওভারে অস্ট্রেলিয়াকে সংগ্রহ করতে হতো ৬২ রান। লক্ষ্যটা অনেক দুরুহ হওয়া সত্ত্বেও জয়ের প্রায় দোড়গোড়ায় পৌঁছে গিয়েছিলেন অসি ব্যাটসম্যানরা। তৃতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে বেশ খানিকদূর এগিয়ে দিয়েছিলেন শন মার্শ ও অধিনায়ক জর্জ বেইলি। শেষ ছয় বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৮ রান। দ্বিতীয় বলে ৪৫ রান করা বেইলি সাজঘরে ফিরে গেলে প্রায় নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার হার। তারপরও হাল ছেড়ে দেননি মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। শেষ তিন বলে যখন ১২ রান দরকার তখন টানা দুইটি বলে চার মেরে প্রায় অসম্ভবকেই সম্ভব করার চেষ্টা করেছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু শেষ বলটিতে আর বলে ব্যাট ছোঁয়াতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। ৩ রানের ঘামঝরানো জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চত করে শ্রীলঙ্কা।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মাহেলা জয়াবর্ধনের ৪৫ বলে ৬১ রানের হার না মানা ইনিংসটির সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ১৬২ রান যোগ করে শ্রীলঙ্কা। জয়াবর্ধনের যোগ্য সঙ্গী হিসেবে উইকেটে ছিলেন জীবন মেন্ডিস ও থিসারা পেরেরা। মেন্ডিস ২৫ রান করে সাজঘরে ফিরলেও শেষপর্যন্ত ৩৫ রান করে অপরাজিত ছিলেন পেরেরা।