শ্রীলঙ্কার টি-টোয়েন্টির নেতৃত্বে ম্যাথুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নেতৃত্ব ছেড়েছেন মাহেলা জয়াবর্ধনে। জয়াবর্ধনের সেই শূন্যতা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে দিয়ে পূরণ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ বুধবার শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ম্যাথুসের নাম ঘোষণা করা হয়েছে। তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে এক বছরের জন্য।৭ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় শ্রীলঙ্কা। হারের পরই সংবাদ সম্মেলনে জয়াবর্ধনে জানিয়ে দেন, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আর থাকছেন না তিনি। তবে টি-টোয়েন্টি খেলে যাওয়ার কথা জানান জয়াবর্ধনে।টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্ব অবশ্য ছাড়েননি জয়াবর্ধনে। তবে সেটা তিনি খুব বেশি দিন চালিয়ে যাবেন বলে মনে হয় না। আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে যাবে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার সময়ই জয়াবর্ধনে জানান, অন্তত ওই সফর পর্যন্ত টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন তিনি। ‘অস্ট্রেলিয়া সফর পর্যন্ত আমি দায়িত্ব নিয়েছি। তাই এর পরই মূল্যায়ন করব আমার কী করা উচিত।’ বলেছিলেন ৩৫ বছর বয়সী জয়াবর্ধনে।নেতৃত্ব ছাড়ার কারণ সম্পর্কে জয়াবর্ধনে বলেছিলেন, ‘প্রতিযোগিতা শুরুর আগেই নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম আমি। জানিয়েছিলাম, এই বিশ্বকাপের পরই টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ব। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, দলে তরুণ নেতৃত্ব প্রয়োজন। টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু করাটা বড় সুযোগ। আমি নির্বাচকদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তাঁরা আমার ইচ্ছায় সন্তুষ্ট।’এত দিন সব ধরনের ক্রিকেটেই জয়াবর্ধনের ডেপুটি হিসেবে ছিলেন ম্যাথুস। এবার ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার পেলেন টি-টোয়েন্টির নেতৃত্ব। জয়াবর্ধনে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছাড়লে হয়তো সব ধরনের ক্রিকেটেই শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন ম্যাথুস।