শ্রীলঙ্কার নতুন অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে শ্রীলঙ্কা। এই সিরিজ ছাড়াও আগামী ১১ মাসের জন্য টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুস এবং টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দিনেশ চান্ডিমালের নাম ঘোষণা করেছে কাল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ৮ মার্চ গল টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। দুটি টেস্ট ছাড়াও সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে।গত অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই মাহেলা জয়াবর্ধনে জানিয়ে দিয়েছিলেন, সফর শেষে আর অধিনায়ক থাকতে চান না। সুতরাং শ্রীলঙ্কাকে নতুন অধিনায়ক খুঁজে নিতেই হতো। শ্রীলঙ্কা টেস্ট ও ওয়ানডের জন্য অধিনায়ক বেছে নিল ম্যাথুসকে, টি-টোয়েন্টির জন্য চান্ডিমালকে। ম্যাথুস আগেও অধিনায়কত্ব করেছেন। ৫টি টেস্ট ও ৫০টি ওয়ানডে খেলা চান্ডিমালেরই অধিনায়কত্বে অভিষেক হবে টি-টোয়েন্টি দিয়ে। টেস্ট ও ওয়ানডে দলে ম্যাথুসের ডেপুটিও চান্ডিমাল।নতুন অধিনায়ক ঘোষণার দিনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের দলও ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। অস্ট্রেলিয়া সফরের দলে থাকা থিলান সামারাবীরা, থারাঙ্গা পারানাভিতানা ও উইকেটকিপার প্রসন্ন জয়াবর্ধনে নেই বাংলাদেশ সিরিজের দলে। টেস্ট দলে একেবারেই নতুন মুখ ছয়টি—ব্যাটসম্যান আশেন সিলভা, কিথুরুয়ান ভিথানাগে, সিমার দুশমান্থা চামারা, অফ স্পিনার থারিন্ডু কৌশল, উইকেটকিপার-ব্যাটসম্যান কুশল জানিথ ও লেগ স্পিনিং অলরাউন্ডার জীবন মেন্ডিস। এঁদের মধ্যে শেষ দুজনের আছে ওয়ানডে খেলার অভিজ্ঞতা।হাতের চোট নিয়ে অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে আসা কুমার সাঙ্গাকারা খেলা না-খেলার ব্যাপারটি তাঁর ফিটনেস ফিরে পাওয়া সাপেক্ষে বলে জানিয়েছে এসএলসি। ক্রিকইনফো।