শ্রীলঙ্কার নতুন অন্তর্বর্তীকালীন কোচ রমেশ রত্নায়েকে
শ্রীলঙ্কার নতুন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রমেশ রত্নায়েকেকে। পরবর্তী মাস থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরের জন্য সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক এই লঙ্কান পেসারকে। আজ শ্রীলঙ্কার নবগঠিত ক্রিকেট কমিটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।শ্রীলঙ্কান ক্রিকেট কমিটির সভাপতি উপালি ধর্মদাসা আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা শুধু অস্ট্রেলিয়া সফরের জন্য রমেশ রত্নায়েকেকে নিয়োগ দিয়েছি। কারণ, এত অল্প সময়ের মধ্যে নতুন কোনো কোচের সঙ্গে চুক্তি করা সম্ভব হত না।’ গত বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই কোনো পূর্ণকালীন কোচ নিয়োগ দেয়নি শ্রীলঙ্কা। তবে আগামী তিন মাসের মধ্যেই কোচ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী ধর্মদাসা। তিনি বলেছেন, ‘আইসিসি, শ্রীলঙ্কান ক্রিকেট ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে বিজ্ঞাপনের মাধ্যমে আমরা নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করব।’ ১৯৮২ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ২৩টি টেস্ট ও ৭০টি এক দিনের ম্যাচ খেলেছিলেন রত্নায়েকে। ২০০৩ সাল থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উন্নয়ন কর্মকর্তা হিসেবে কাজ করছেন তিনি। রয়টার্স।