শ্রীলঙ্কার নেতৃত্ব ‘চাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলেরই পোশাক নীল। পরশু ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে পাল্লেকেলের গ্যালারি যেন নীল সমুদ্র থাকল। লঙ্কান রীতি মেনে বাদ্যবাজনা, চিৎকার-হল্লা, নৃত্য—সবই চলছিল। হঠাৎই মুহূর্ত খানেকের জন্য যেন স্তব্ধ চারপাশ। নীল পোশাকে যে দুজন টস করতে নামলেন, তাঁদের একজন স্টুয়ার্ট ব্রড। কিন্তু আরেকজন মাহেলা জয়াবর্ধনে নন! নন আঞ্জেলো ম্যাথুসও, ব্রডের সঙ্গে টস করলেন কুমার সাঙ্গাকারা! সবার আগ্রহ তখন একাদশ নিয়ে। জানা গেল নিয়মিত অধিনায়ক জয়াবর্ধনে, তাঁর ডেপুটি ম্যাথুস একাদশে আছেন ঠিকই। কিন্তু সেদিনের অধিনায়ক সাঙ্গাকারা। টসের সময় স্বাভাবিকভাবেই প্রশ্নটি করলেন নাসের হুসেইন। চোখ পাকিয়ে, মুখে হাসি নিয়ে সাঙ্গাকারার উত্তর, ‘মাহেলা টানা তিন ম্যাচে টস হেরেছে তো, তাই আমি...!’ওটা যে রসিকতা, সেটা বুঝতে কারও সমস্যা হয়নি। চলল জল্পনা-কল্পনা। স্লো ওভার রেটের খাঁড়া ঝুলছে জয়াবর্ধনে ও ম্যাথুসের ওপর। ধারণা করা হচ্ছিল, সেই খাঁড়া থেকে বাঁচতেই এই অভিনব পথ বেছে নেওয়া। ম্যাচ শেষে জয়াবর্ধনেও নিশ্চিত করলেন এটা। স্লো ওভার রেটের নিয়মটা আইসিসির কড়া হতে পারে, কিন্তু এই নিয়মকেও ফাঁকি দেওয়ার উপায় আছে। শ্রীলঙ্কা কাজে লাগিয়েছে সেটিই!অফিশিয়াল অধিনায়ক না হলেও ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ঠিকই এলেন জয়াবর্ধনে। স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্ন, ‘অধিনায়ক আসলে কে?’ এবার জয়াবর্ধনের রসিকতা, ‘আপনারা সাঙ্গার সঙ্গে কথা বলতে চান? আমি তবে যাই!’ হাসির হুল্লোড়ের মাঝেই পরে দিলেন ব্যাখ্যা, ‘ওভার রেট ইস্যু নিয়ে আমাকে সতর্ক করা হয়েছে, এই ম্যাচেও অমন কিছু হলে পরের ম্যাচটা (সেমিফাইনাল) বসে থাকতে হতো। অ্যাঞ্জেলো যখন সর্বশেষ অধিনায়কত্ব করেছে (পাকিস্তানের বিপক্ষে হাম্বানটোটায় গত জুনে), তখন ওকেও সতর্ক করা হয়েছিল। আমরা তাই এমন একজনকে খুঁজলাম যার এই সমস্যা নেই। সাঙ্গাকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।’বুদ্ধিটা বেরিয়েছে লঙ্কান দলের ম্যানেজার চারিথ সেনানায়কের মাথা থেকে। অনেকে অবশ্য এটাকে এক ধরনের প্রতারণা বলতে পারেন। তবে জয়াবর্ধনে কোনো অন্যায় দেখছেন না। লঙ্কান অধিনায়কের কাছে বরং ওভার রেট আইনের কড়াকড়িকেই মনে হয় বড্ড বাড়াবাড়ি, ‘আমার মনে হয় না আমাদের অভিপ্রায়টা ভুল ছিল। নিয়মটা খুব কঠিন। এমন একটা টুর্নামেন্টে এক ঘণ্টা ২০ মিনিটে ২০ ওভার শেষ করা কঠিন। আমাদের চেষ্টার কমতি থাকে না, কিন্তু শাস্তিটা একটু বেশিই কঠোর। আমরা কেউই চাই না বড় ম্যাচ মিস করতে। আমাদের ইচ্ছায় তাই কোনো অন্যায় ছিল না।’ওভার রেটের মতো আইসিসি ‘কেড অব কন্ডাক্ট’ ভাঙা নিয়েও খুব কঠোর। তবে জয়াবর্ধনে জানালেন, কোড অব কন্ডাক্টের বরখেলাপ হবে না, এটা নিশ্চিত হওয়ার পরই এই পথ বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। জয়াবর্ধনের আবার রসিকতা, ‘আমি নিশ্চিত এই ঘটনার পর আইসিসি নিয়মটা পাল্টাবে, কিন্তু আশা করি এই টুর্নামেন্টেই নয়!’এই টুর্নামেন্টে নিয়ম বদলানোর সম্ভাবনা নেই বললেই চলে। জয়াবর্ধনেদের কৌশল তাই সফল। শ্রীলঙ্কা সফল মাঠের খেলাতেও। টানা পাঁচ ম্যাচ জিতে উঠে গেছে সেমিতে। এবার স্বপ্ন—নিজ দেশের বিশ্বকাপে শিরোপা জয়! ওয়েবসাইট।