শ্রীলঙ্কার প্রতিক্রিয়ায় বিসিবির স্বস্তি
এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো বেশ দূরে। এই দুই টুর্নামেন্ট নিয়ে তাই এখনই খুব উদ্বিগ্ন নয় বিসিবি। শ্রীলঙ্কা সফর নিয়েও এখনই শঙ্কার কিছু নেই। তবে চাপা একটা ভাবনা তো থাকেই। সেই ভাবনা বা শঙ্কায় স্বস্তি হয়ে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সচিব নিশান্থা রানাতুঙ্গার মন্তব্য। রানাতুঙ্গার মন্তব্যকে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী দেখছেন ‘স্বস্তিদায়ক ও ইতিবাচক’ হিসেবে।’
চট্টগ্রামে টিম হোটেলের খানিক দূরে ককটেল ফাটায় কদিন আগে বাংলাদেশ সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরে গেছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। দুই টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টির সিরিজ খেলতে ২৪ জানুয়ারি বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। কিন্তু ক্যারিবীয় যুবারা চলে যাওয়ার পর এবং বাংলাদেশের বর্তমান অস্থিরতা স্বাভাবিকভাবেই ভাবাচ্ছে লঙ্কান বোর্ডকে। তবে রানাতুঙ্গার কথায় আশাবাদী হতে পারে বিসিবি। স্থানীয় ডেইলি মিররকে এসএলসি সচিব বলেছেন, ‘আগামী কয়েক সপ্তাহ আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে, এরপর সফর নিয়ে সিদ্ধান্ত নেব। তবে আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। কারণ বাংলাদেশ আমাদের সঙ্গী এশিয়ান দেশ, ওদের সঙ্গে আমাদের সম্পর্কও খুব ভালো। এটাও মাথায় রাখতে হবে, খুব বেশি দিন হয়নি, আমাদেরও এই ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে। তখন আমাদের এশিয়ান প্রতিবেশীদের অকুণ্ঠ সমর্থন আমরা পেয়েছি। বাংলাদেশের বোর্ডের সঙ্গে আমরা কথা বলছি। পাকিস্তানের অভিজ্ঞতার কারণেই আমাদের একটু সতর্ক থাকতে হবে।’
|
ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল চলে যাওয়ার খবরটি আন্তর্জাতিক মিডিয়ায় বেশ ফলাও করে প্রচার করা হয়েছে। বিসিবিপ্রধানের প্রতিক্রিয়াকে বিকৃত করে নেতিবাচকভাবে প্রচার করার ঘটনাও ঘটেছে দু-একটি সংবাদ সংস্থাসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। এসএলসির এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়াকে তাই খানিকটা স্বস্তিরই মানছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী, ‘ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ চলে যাওয়ার পর শ্রীলঙ্কার একটু উদ্বিগ্ন হওয়া খুবই স্বাভাবিক। আর আমাদের এখানে যেহেতু একটু অস্থিরতা চলছে, ওরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, সেটাও স্বাভাবিক। তবে ওরা যে প্রতিক্রিয়া জানিয়েছে, সেটা দারুণ ইতিবাচক ও বোধসম্পন্ন। সফরের এখনো প্রায় দেড় মাস বাকি, আমার ধারণা অচিরেই সব ঠিক হয়ে যাবে।’
রানাতুঙ্গা বলেছেন, বিসিবির সঙ্গে তাদের কথা চলছে। নিজামউদ্দিন জানালেন, সেই ‘কথা’ খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, ‘যেকোনো সিরিজের দুই মাস আগে থেকেই সূচি, ভেন্যু, ভ্রমণ, নিরাপত্তা নিয়ে নিয়ে আলোচনা হয় দুই বোর্ডের। সেই আলোচনাই চলছে। নিরাপত্তার ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই এসেছে। আমাদের আশা, এই অস্থিরতা দ্রুতই কেটে যাবে। তখন আর কোনো সমস্যা হবে না।’