শ্রীলঙ্কার বাড়তি প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮২ সালের ১৭ ফেব্রুয়ারি। কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে টেস্ট অভিষেক হলো শ্রীলঙ্কার। প্রতিপক্ষ ইংল্যান্ড। এরপর কেটে গেছে ৩০ বছর। পি সারাভানামুত্তু স্টেডিয়ামে আরও ১৪টি টেস্ট খেলেছে শ্রীলঙ্কা। কিন্তু কোনো ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে পায়নি। তিন দশক পর এল সেই সুযোগ। আগামীকাল সেই অভিষেক টেস্টের ভেন্যুতেই আবার ইংল্যান্ডকে সামনে পাচ্ছে শ্রীলঙ্কা। এই মৌসুমের শেষ টেস্টে জিতলে তো কথাই নেই, ড্র করলেও ইংলিশদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষচ্যুত হওয়াটা নিশ্চিত করবে লঙ্কানরা। আর টেস্ট অঙ্গনে ৩০ বছর পূর্তি উদ্যাপন করবে ২০০৯ সালের পর প্রথম টেস্ট সিরিজ জিতে। গলের প্রথম টেস্টে ৭৫ রানে জিতে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকেরা। ১৯৮২ সালে কিথ ফ্লেচারের ইংলান্ড শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৭ উইকেটে। অ্যান্ড্রু স্ট্রাউস নিশ্চিতভাবেই ওই ফলেরই পুনরাবৃত্তি চাচ্ছেন। তবে প্রতিপক্ষের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও যে তিন দশক পূর্তির এই টেস্ট উদ্যাপন করতে চোখে জয়ের ছবি আঁকতে শুরু করেছেন। গল টেস্টের প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিংয়ে ১৮০ রান করা লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘মঙ্গলবার মাঠে নামতে পারলেই আমি গর্বিত হব। তবে গর্বটা আরও বাড়বে যদি আমরা সিরিজ জিততে পারি।’গলের জয়টা মুরালি-উত্তর যুগে শ্রীলঙ্কার মাত্র দ্বিতীয় টেস্ট জয়। দেশের মাটিতে প্রথম। ২০১০ সালের জুলাইয়ে মুরালি অবসরে যাওয়ার ১৫ টেস্ট পর শ্রীলঙ্কা গত ডিসেম্বরে প্রথম জয়টি পেয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে। গল টেস্টে ১২ উইকেট নিয়ে জয়ের নায়ক রঙ্গনা হেরাথ ডারবানেও ৯ উইকেট নিয়ে জিতিয়েছিলেন দলকে। ৩৪ বছর বয়সী বাঁহাতি স্পিনারকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত জয়াবর্ধনে, ‘হেরাথ অনেক দিন ধরেই খেলছে, দুর্দান্ত এক খেলোয়াড়। এখন আমার হাতে থাকা সবচেয়ে অভিজ্ঞ বোলার ও। আর আক্রমণের পুরো দায়িত্বটা সে কাঁধে তুলে নিয়েছে।’চোটের কারণে প্রথম টেস্ট না খেলা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে পেয়ে আরও শাণিত হচ্ছে শ্রীলঙ্কার বোলিং আক্রমণ। যদিও কুঁচকির চোটে ছিটকে গেছেন পেসার চানাকা ভেলেগেদারা। অন্যদিকে স্টুয়ার্ট ব্রডকে হারানো ইংল্যান্ডকে মাঠে নামতে হচ্ছে নতুন বোলিং সমন্বয় নিয়ে। টিম ব্রেসনান বা স্টিভেন ফিনের যেকোনো একজন খেলবেন ব্রডের বদলে। আবার দুজনই খেলতে পারেন, যদি ইংল্যান্ড দুই স্পিনার সামিত প্যাটেল বা মন্টি পানেসারের একজনকে বাদ দিয়ে দল সাজায়। টানা চারটি টেস্টে হার, সঙ্গে নিজের ব্যাটিং ব্যর্থতায় সমালোচিত স্ট্রাউসের জন্য এই টেস্টটি অগ্নিপরীক্ষা। তবে সেই পরীক্ষায় সতীর্থরা ঐকান্তিক সমর্থন নিয়ে পাশে আছেন তাঁর। জোনাথন ট্রট যেমন ইংল্যান্ডের ভবিষ্যৎ দেখেছেন স্ট্রাউসেই। বিবিসিকে ট্রট বলেছেন, ‘আমি অন্য কাউকে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দেখছি না। অন্তত দু্ই বছরের মধ্যে তো নয়ই। প্রত্যেকেরই শতভাগ সমর্থন আছে তাঁর জন্য। সে চমৎকার এক নেতা। আর আমার মনে কোনো সন্দেহ নেই, সে-ই আমার অধিনায়ক।’ প্রথম টেস্টে বাইরে বসে থাকা স্টিভেন ফিনের কণ্ঠেও শোনা গেছে ট্রটের কথারই প্রতিধ্বনি। এএফপি।