দারুণ শুরু শ্রীলঙ্কার

ওয়েলিংটনে আজকের ম্যাচ ইংল্যান্ডের জন্য মহাগুরুত্বপূর্ণ। কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজ জেতার বিকল্প নেই ইংলিশদের। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংটা ভালোই হয়েছে এউইন মরগানের দলের। ওয়েলিংটনে টসে জিতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৩০৯ রান। জবাবে অবশ্য দারুণ শুরু করেছে লঙ্কানরাও।
লাহিরু থিরিমান্নে ও তিলকরত্নে দিলশানের উদ্বোধনী জুটিতে এসেছে ১০০ রান। মঈন আলীর বলে ফেরার আগে দিলশানের সংগ্রহ ৪৪ রান। সর্বশেষ শ্রীলঙ্কার সংগ্রহ ২০ ওভারে ১ উইকেটে ১০৫ রান। এখনো ১৮০ বলে প্রয়োজন ২০৫ রান।
এর আগে মঈন আলী-ইয়ান বেলের উদ্বোধনী জুটি ভালো শুরু এনে দেয় ইংল্যান্ডকে। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। এরপর একটা বিপর্যয়। ৩৯ রানের ব্যবধানে ৩ উইকেটের পতন। চতুর্থ উইকেটে বিপর্যয় সামাল দেন এউইন মরগান-জো রুট। এ জুটিতে আসে ৬০ রান। তবে ইংল্যান্ডকে বড় ভিত্তি দেয় জেমস টেলর ও জো রুটের পঞ্চম উইকেট জুটি। এই জুটিতে আসে ৯৮ রান। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ১২১ রান করেন রুট। ১০৮ বলে করা দুর্দান্ত ইনিংসটি রুট সাজিয়েছিলেন ১৪ চার ও ২ ছয়ে। বিশ্বকাপে ইংলিশদের পক্ষে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির নতুন রেকর্ড ২৪ বছর বয়সী রুটের। এর আগের রেকর্ডটি ছিল ডেভিড গাওয়ারের। ১৯৮৩ বিশ্বকাপে এই শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ বছর বয়সে সেঞ্চুরি করেছিলেন গাওয়ার।
লঙ্কানদের পক্ষে মালিঙ্গা, লাকমল, ম্যাথুস, দিলশান, রঙ্গনা হেরাথ ও পেরেরা একটি করে উইকেট নেন।