শ্রীলঙ্কার বিপক্ষে প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে কলম্বোতে এই বাংলাদেশকে হারিয়ে হকির ব্রোঞ্জ জিতেছিল শ্রীলঙ্কা। এবার কি সেই প্রতিশোধই নিল বাংলাদেশ?‘প্রতিশোধ’ শব্দে আপত্তি বাংলাদেশের খেলোয়াড়দের। তবে কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারানো তো বাংলাদেশের জন্য একরকমের প্রতিশোধই।ঘরোয়া হকি নেই। জাতীয় দলের খেলোয়াড়েরা মাঝেমধ্যেই অনুশীলন বর্জন করেন—বাংলাদেশের হকি সপ্রাণ নয় অনেক দিন ধরেই। প্রাণ ফেরাতে এবার এসএ গেমসে হকিতে ভালো কিছু করার আশা হকির। চাওয়াটা ব্রোঞ্জেই সীমাবদ্ধ, সে লক্ষ্যে শুভসূচনাই হলো।তবে খেলাটা সন্তুষ্ট হওয়ার মতো ছিল না। দল ইউরোপ সফর করে এসেছে, দীর্ঘ মেয়াদে অনুশীলন হয়েছে—হকি দলের কাছ থেকে গোছানো হকি আশা ছিল সবার। কিন্তু মাঠে দেখা গেল সমন্বয়ের অভাব, ভুল পাস, স্টিক ওয়ার্কের অভাব। একটা সময় তো বাংলাদেশ দলের জয় নিয়েই সংশয় জেগেছিল।সেখান থেকে দলকে বের করে আনেন ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন। বাংলাদেশের পেনাল্টি কর্নার মানেই মামুনুর এবং নামের প্রতি সুবিচার করে বাংলাদেশের জয়ের নায়ক তিনিই। বাংলাদেশের প্রথম দুটি গোলই পেনাল্টি কর্নার থেকে এনে দিয়েছেন মামুনুর, প্রথমটি ৩২ মিনিটে। জিমির পুশ, রানার স্টপ, মামুনুরের ড্র্যাগ ফ্লিক। তবে এই গোলের আনন্দ ছিল ক্ষণস্থায়ী! দুই মিনিট পরই পাল্টা আক্রমণে গোল শোধ করে দেয় শ্রীলঙ্কা। ওটা ছিল ফিল্ড গোল, বাংলাদেশের রক্ষণের দুর্বলতায় গোল করেন মুলাফা।৫৫ মিনিটে মামুনুর আবারও এগিয়ে দেন বাংলাদেশকে। জিমির পুশ, কামরুজ্জামানের স্টপ এবং মামুনুরের ড্র্যাগ ফ্লিক। ৬৪ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেন কামরুজ্জামান। এই গোলের পরই বাংলাদেশ কিছুটা নির্ভার হতে পারে।খেলাটা মনের মতো হয়নি, তারপরও বাংলাদেশের জার্মান কোচ পিটার গেরহার্ড এই জয়ে খুশি, ‘আমি খুশি।’ শ্রীলঙ্কার কোচ এস এম মুলফফারকে কিছুটা হতাশ দেখাল, ‘ছেলেরা একটু নার্ভাস ছিল। তা ছাড়া আমরা বেশ কয়েকটি সুযোগ মিস করেছি। তবে এখনই হাল ছাড়ছি না।’নেপালের পোস্টে ভারতের ২১ গোল: দক্ষিণ এশীয় গেমসের হকিতে এত বড় ব্যবধানে কোনো দল জিতেছে কি না, সেটা মনেই করতে পারলেন না অনেক সাংবাদিক। দক্ষিণ এশীয় হকিতে নবীন দল নেপালকে পেয়ে কাল ২১টি গোল দিল ভারত!তবে ভারতের সঙ্গে খেলতে পেরেই খুশি মনে হলো নেপালকে। ভারতের গোলরক্ষক ছাড়া গোল করেছেন বাকি সব খেলোয়াড়ই। মজার ব্যাপার হলো, ২১-০ গোলের জয়ে কোনো হ্যাটট্রিক নেই! নেপালের গোলমুখ খুলে গোল উত্সব শুরুটা করেন যুবরাজ। এর পর মুড়িমুড়কির মতো যে যেভাবে পেরেছেন গোল করেছেন। অবস্থা দেখে মনে হচ্ছিল নেপালের গোলবৃত্তের সামনে কোনো রকমে বল নিয়ে যেতে পারলেই হলো। ব্যস, গোল! সর্বোচ্চ ৫টি গোল করেছেন অধিনায়ক অজিতেশ। ৩টি করে যুবরাজ ও মোহাম্মদ। ২টি করে গোল করেছেন রঘুনাথ, প্রমোদ ও হামজা। বেলসাজার, ইনোসেন্ট, ধর্মভ ও রোশানের গোল ১টি করে।