শ্রীলঙ্কার মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা রানাতুঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শ্রীলঙ্কা বিশ্বকাপে বেশ ভালো দল গড়েছে। দলে রয়েছে বেশ কয়েকজন অলরাউন্ডার। মুরালিধরন আর মালিঙ্গার জন্য বোলিংও যথেষ্ট শক্তিশালী। কিন্তু আমার দুশ্চিন্তা মিডল অর্ডারের ব্যাটিং নিয়ে’—বিশ্বকাপে শ্রীলঙ্কা দল নিয়ে এ মূল্যায়ন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার।১৯৯৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উপমহাদেশে। সেবার নেতৃত্ব দিয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে শিরোপা এনে দেন রানাতুঙ্গা। এর পর থেকে শিরোপা অধরাই থেকে গেছে শ্রীলঙ্কার। উপমহাদেশে আরেকটি বিশ্বকাপ যখন সমাগত, তখন আবারও শিরোপা জয়ের স্বপ্নে বিভোর লঙ্কানরা। দল গঠন হয়ে গেছে, মিডল অর্ডারের দুর্বলতা কীভাবে কাটিয়ে উঠবে শ্রীলঙ্কা? রয়টার্সের সঙ্গে সাক্ষাত্কারে উপায়টা বাতলে দিয়েছেন রানাতুঙ্গা নিজেই, ‘কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের ৩ ও ৪-এ ব্যাটিং করা ঠিক হবে না। মিডল অর্ডারের শক্তি বাড়াতে একজনকে ৫ নম্বরে নেমে আসতে হবে। এ ক্ষেত্রে চামারা কাপুগেদারাকে ৪ নম্বরে পাঠানো যেতে পারে।’দলে ভারসাম্য আনার জন্য শ্রীলঙ্কা নির্ভর করে অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের ওপর। তবে মিডল অর্ডারের সমস্যা কাটাতে ২৩ বছর বয়সী ম্যাথুসের ওপর অতিমাত্রায় নির্ভর করা ঠিক হবে না বলে মনে করেন রানাতুঙ্গা, ‘অ্যাঞ্জেলো খুব ভালো খেলোয়াড়। কিন্তু এখনো ও তরুণ। ওর ওপর বেশি চাপ প্রয়োগ করাটা বাড়াবাড়ি হবে।’