শ্রীলঙ্কার লক্ষ্য ২৬১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাওয়াদ আলম
ফাওয়াদ আলম

নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটি কী দারুণ উপলক্ষেই না পেলেন ফাওয়াদ আলম। এশিয়া কাপের ফাইনাল। দল বিপর্যয়ে। তাঁর সেঞ্চুরিটি যেন সঞ্জীবনী সুধা হয়ে দেখা দিল তাঁর দল পাকিস্তানের জন্য। প্রথম দিকে ছিলেন অধিনায়ক মিসবাহ-উল-হকের ছায়ায়। তাঁর সঙ্গে ১২২ রানের ম্যাচ বাঁচানো জুটিতে সমানে সমান অবদান রেখে নিজেকে আরও ছাপিয়ে গেলেন এই বামহাতি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত উইকেটে থেকে ১১৪ রানের দারুণ এক ইনিংস খেলে তিনিই পাল্টা আঘাত করে গেলেন নিরন্তর। উমর আকমলকে সঙ্গী করে পঞ্চম উইকেট জুটিতে ১১৫ রান তুলে প্রতিপক্ষের সামনে ছুঁড়ে দিলেন এক চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা। ১৮ রানে ৩ উইকেট হারিয়ে বসা দল ইনিংস শেষে পরিণত হলো ৫ উইকেটে ২৬০। এক ইনিংসেই এশিয়া কাপের ফাইনাল যেন উদার হাতেই ছড়িয়ে দিল সব রোমাঞ্চ।টসে জিতে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। নেমেই ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান সারজিল খান। মালিঙ্গার প্রথম দুটি বলই আছড়ে ফেলেছিলেন সীমানার ওপারে। কিন্তু তৃতীয় বলেই সারজিল থিসারা পেরেরার ক্যাচে পরিণত হন। নিজের পরবর্তী দুই ওভারে মালিঙ্গা আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজের উইকেট দুটি তুলে নিয়ে পাকিস্তানকে ঠেলে দেন একেবারে খাদের কিনারায়।

পাকিস্তানের যখন ৩ উইকেট নেই, দায়িত্বের বোঝা তুলে নিলেন অধিনায়ক মিসবাহ আর ফাওয়াদ আলম। ধীরেসুস্থে প্রাথমিক চাপ সামলে এগিয়ে যেতে থাকলেন অভীষ্ট লক্ষ্যের দিকে। প্রথম দিকে নিজেদেরকে গুটিয়ে নিয়ে ১ রান ২ রান করে তুলে রানের চাকাটা রাখলেন সচল। রান রেটটা তিনের নিচে থাকলেও আরও দুই-একটি উইকেট হারানোর ঝুঁকিটাকে কমিয়ে আনলেন ধীরে অথচ যথেষ্ট নিশ্চিন্ত উপায়েই।

মিসবাহর ৬৫ রানের ইনিংসটি খেলেছেন ৯৮ বল খেলে। ৩টি চার ও ২টি ছয়ের মারে সাজানো তাঁর ইনিংসটি শেষ হয় ওই মালিঙ্গার বলেই। কুশল পেরেরার হাতে ক্যাচে পরিণত হয়ে। মিসবাহ যখন সাজঘরে ফিরলেন তখন অল্পতেই গুটিয়ে যাওয়ার ঝুঁকিমুক্ত পাকিস্তান।

মিসবাহ-ফাওয়াদ জুটিটি ছিল ১২২ রানের। মিসবাহ সাজঘরে ফেরার পর লড়াইয়ের ব্যাটন হাতে নিয়ে দৌড়ালেন ফাওয়াদ আলম আর উমর আকমল। এবার জুটি ১১৫ রানের। ফাওয়াদের ব্যাট থেকে মিরপুরের শেরেবাংলা মাঠ দেখল একের পর এক চোখ ধাঁধানো শট। ৮টি চার ও ৩টি ছয়ের মার মেরে শেষ অবধি অপরাজিত থাকলেন ফাওয়াদ। তাঁর নামের পাশে বসল ১১৪।

ফাওয়াদ হাত খুলে খেলতে পেরেছেন আকমলকে সঙ্গী করেই। উমর আকমলের ৫৯ রানের ইনিংসটি মিসবাহ-ফাওয়াদের চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। মাত্র ৪২ বলে এই ইনিংস খেলতে তিনি মেরেছেন সাতটি চারের মার।
শ্রীলঙ্কার পক্ষে আজ সব উইকেটই তুলে নিয়েছেন মালিঙ্গা। ১০ ওভার বল করে তাঁর খরচ অবশ্য ৫৬ রান।