শ্রীলঙ্কার সফরই বিসিবির ভাবনায়
ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু হয়েছে অনেক দিন। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী তার পরও এসিসির (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সভায় যোগ দিতে এবার কলম্বো গেলেন দুবাই ঘুরে। দুবাই হয়েই কলম্বো যাচ্ছিলেন যে পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদ!
বিসিবি-পিসিবি সম্পর্কের পুরোনো টানাপোড়েন তো আছেই। বাংলাদেশ ও পাকিস্তান কূটনৈতিক সম্পর্কও শীতল। বাংলাদেশের এশিয়া কাপ-ভাগ্য নির্ধারণী সভার আগে তাই পাকিস্তানকে বোঝানোর ব্যাপারটি ছিল গুরুত্বপূর্ণ। দুবাই থেকে কলম্বোর ৪ ঘণ্টা ফ্লাইটে সেই কাজটিই করেছেন বিসিবির প্রধান নির্বাহী। বারবার পাকা কথা দিয়েও পাকিস্তানে না-যাওয়া নিয়ে দুই বোর্ডের সম্পর্ক যথেষ্টই শীতল। তবে ক্রিকেট সম্পর্কের চেয়ে নিজাম উদ্দিন আর সুবহানের আলোচনার বেশির ভাগজুড়ে ছিল দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক। নিজামউদ্দিন চৌধুরী ভাষায়, ‘অনেক ভুল ধারণা নিয়ে বসে ছিল পাকিস্তান। সেই ভুলগুলো ভেঙে দিতে পেরেছি।’
পিসিবি যদি চাইত, তার পরও বাংলাদেশের এশিয়া কাপ আয়োজনের বিরুদ্ধে খুব জোরালো অবস্থান নিতে পারত না। সন্ত্রাসী হামলায় প্রায় প্রতিদিনই জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে পাকিস্তানে। তার পরও নিজেদের দেশকে ক্রিকেটের জন্য নিরাপদ প্রমাণে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পিসিবি। বাংলাদেশ তো সেখানে সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু নয়, এখানে চলছে রাজনৈতিক সহিংসতা। বাংলাদেশকে ক্রিকেটের জন্য অনিরাপদ বললে আখেরে নিজেদের পায়েও কুড়াল মারা হতো পিসিবির!
তার পরও এসিসির সভায় বাংলাদেশের নিরাপত্তার প্রসঙ্গটি তুলেছিল পাকিস্তানই। যদিও সভায় উপস্থিত ভারত, থাইল্যান্ড, ভুটান ও সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের জোর সমর্থন পেয়েছে বাংলাদেশ। বিসিবির প্রধান নির্বাহীর ভাষায় যা, ‘প্রত্যাশার চেয়েও বেশি।’ দীর্ঘ আলোচনার পর এশিয়া কাপ বাংলাদেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত হলেও অনিশ্চয়তার একটা সুতা ঝুলিয়ে রেখেছে পিসিবি। সরকারের সবুজ সংকেত পেলেই কেবল বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল!
পাকিস্তানের আসা না-আসার ব্যাপারটি কাল আবার উঠে এসেছে ভারতের মুম্বাই মিরর-এ। পিসিবিপ্রধান নাজাম শেঠির ঘনিষ্ঠ এক পদস্থ পিসিবি কর্তা পত্রিকাটিকে বলেছেন, ‘পিসিবি ও পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এটা অগ্রাহ্য করতে পারে না যে বাংলাদেশের বর্তমান অবস্থায় পাকিস্তান দলের ওপর একটি বাড়তি নিরাপত্তাঝুঁকি আছেই। ব্যাপারটি অন্য দলগুলোর সঙ্গে মেলালে চলবে না, কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে ওখানে পাকিস্তানবিরোধী প্রতিবাদও গড়ে উঠেছে।’ তবে এসিসি এতে শঙ্কার কিছু দেখছে না। এসিসি প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক বলেছেন, ‘এসিসির সভায় নেওয়া সিদ্ধান্তের অংশীদার পাকিস্তানও। পাকিস্তান বোর্ড তখন ওই সিদ্ধান্তের বিরোধিতা করেনি। আমরা আশাবাদী যে পাকিস্তান অংশ নেবে।’
একই আশাবাদ বিসিবির প্রধান নির্বাহীর কণ্ঠেও, ‘আমরা আশাবাদী পাকিস্তান আসবে। ভাবনার খুব বেশি কিছু আছে বলে মনে করি না।’ বিসিবি কর্তাদের ভাবনাজুড়ে আপাতত শ্রীলঙ্কার বাংলাদেশ সফর। শ্রীলঙ্কা বাংলাদেশে আসলে এশিয়া কাপ নিয়েও খুব বেশি সংশয় থাকবে না। শ্রীলঙ্কা পৌঁছেই তাই বিসিবিপ্রধান নাজমুল হাসান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গিয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি)। কথা বলেছেন এসএলসি প্রেসিডেন্ট জয়ান্তা ধর্মদাসা ও সচিব নিশান্থা রানাতুঙ্গার সাথে। নিরাপত্তা পরিকল্পনা জানানোর পাশাপাশি মনে করিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সম্পর্ক ও ক্রিকেটীয় সম্পর্কেও দুই দেশের উষ্ণতার কথা, শ্রীলঙ্কার প্রতি নানা সময়ে বাংলাদেশের অবদানের কথা। নিজামউদ্দিন চৌধুরী জানালেন, ‘অতীত অবদানের কথা ভুলে যায়নি শ্রীলঙ্কাও। ওদের কাছ থেকে সাড়াও মিলেছে ইতিবাচক। তবে লাহোরে হামলার শিকার হওয়ার পর থেকে ওরা অতিসাবধানী। সরকারের অনুমতির অপেক্ষা তাই করবেই।’
৯ জানুয়ারি দুবাইয়ে আইসিসির সভার দিনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কার সিদ্ধান্ত ইতিবাচক হলে এশিয়া কাপ নিয়ে শঙ্কার মেঘও দূর হবে। শেষ পর্যন্ত পাকিস্তান না এলেও টুর্নামেন্ট হওয়া নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কের অবনতির কারণে ১৯৮৬ শ্রীলঙ্কা এশিয়া কাপে খেলেনি ভারত। রাজনৈতিক টানাপোড়েনে ১৯৯০-৯১ ভারত এশিয়া কাপে খেলতে যায়নি পাকিস্তান। দুবারই টুর্নামেন্ট হয়েছে তিন দল নিয়ে। আফগানিস্তান যোগ হওয়ায় এবার পাকিস্তান না খেললেও চারটি দল থাকছেই।
তবে শেষ কথা কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতাই। বিসিবিপ্রধান নির্বাহী সেটাই মনে করিয়ে দিলেন, ‘নির্বাচনের পর এখন আমরা আশা করব সহিংসতা কমবে। কিন্তু সহিংসতা যদি বাড়তেই থাকে, তাহলে সমস্যা হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, করে যাব। বাকিটা সময়ের হাতে তোলা।’