শ্রীলঙ্কার সবুজসংকেত
শঙ্কার কালো মেঘ কেটে যেতে শুরু করেছিল কদিন আগে থেকেই। এবার আড়াল ছেড়ে বের হওয়া সূর্যের হাসিও দেখতে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সদস্যের নিরাপত্তা প্রতিনিধিদলের সফর শেষে বাংলাদেশ সফর নিয়ে সবুজসংকেত দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যদিও ‘আমরা সফরে যাচ্ছিই’ বা এ ধরনের নিশ্চিত কিছু আনুষ্ঠানিকভাবে জানায়নি এসএলসি। তবে বাকি শুধু ওই আনুষ্ঠানিকতাটুকুই। একটি সূত্রের খবর, আগামী পরশু এই আনুষ্ঠানিকতাটুকু সেরে ফেলবে এসএলসি।
এসএলসি সচিব নিশান্থা রানাতুঙ্গা কাল এএফপিকে যা বলেছেন, তার পর আর সংশয় থাকার কারণ নেই, ‘বাংলাদেশে খেলার ব্যাপারে আমরা খুবই ইতিবাচক। ওখানে খেলার অপেক্ষায় আছি আমরা।’ এসএলসি ভাইস প্রেসিডেন্ট মোহন ডি সিলভা ও সাবেক প্রধান নির্বাহী ও লঙ্কান এয়ারফোর্সের এয়ার কমোডর অজিত জয়াসেকেরাকে নিয়ে গড়া এসএলসির নিরাপত্তা পরিদর্শক দল ঢাকা ও চট্টগ্রামের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করে গেছেন। রানাতুঙ্গা জানান, নিরাপত্তা পরিদর্শক দল বাংলাদেশ সফরকে নিরাপদ বলেই প্রত্যয়ন করেছেন।
লঙ্কান নিরাপত্তা পরিদর্শক দল অবশ্য সিরিজের আরেক ভেন্যু সিলেট পরিদর্শন করেনি। সিলেটকে তাই কার্যত সিরিজের ভেন্যু তালিকা থেকে বাদই দেওয়া যায়। বিসিবি অবশ্য এখনই আনুষ্ঠানিকভাবে বাদ বলতে নারাজ। সিলেটে খেলতে রাজি করাতে চেষ্টা চালিয়ে যাবে বোর্ড।
রানাতুঙ্গা কাল কথা বলেছেন এশিয়া কাপ নিয়েও। পাকিস্তানের সংবাদমাধ্যমে বাংলাদেশ থেকে এশিয়া কাপ সরিয়ে নিতে নেতিবাচক প্রচারণা চলছেই। কালও দেশটির অন্যতম শীর্ষ দৈনিক দ্য ডন লিখেছে এসিসি বলেছে শ্রীলঙ্কাকে প্রস্তুত থাকতে। তবে এসব প্রচারণাকে উড়িয়ে দিলেন রানাতুঙ্গা, ‘এমন কিছুই হয়নি। কেউ আমাদের বলেনি এশিয়া কাপের আয়োজক হতে। এশিয়া কাপ বাংলাদেশে আয়োজনের এসিসির সিদ্ধান্তই বহাল আছে।’
রানাতুঙ্গার বক্তব্যে স্বস্তি বোধ করছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘রানাতুঙ্গার বক্তব্যকে আমরা দারুণ ইতিবাচক হিসেবে দেখছি। আশা করি, এখন আর সফর নিয়ে সংশয় থাকবে না।’