শ্রীলঙ্কার সাধারণ ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গালে হাত দিয়ে কী বলছেন দুজন? বোঝাই যাচ্ছে, রণপরিকল্পনার গুরুত্বপূর্ণ কিছুই হবে। ফাইনালের আগে কাল অনুশীলনে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও মাহেলা জয়াবর্ধনে  প্রথম আলো
গালে হাত দিয়ে কী বলছেন দুজন? বোঝাই যাচ্ছে, রণপরিকল্পনার গুরুত্বপূর্ণ কিছুই হবে। ফাইনালের আগে কাল অনুশীলনে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও মাহেলা জয়াবর্ধনে প্রথম আলো

কে বলল ভারত হারেনি? টুর্নামেন্টে তারাই একমাত্র অপরাজিত দল এটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি বাংলাদেশে এসে তারা একবার হারের স্বাদ পেয়েছে! কীভাবে? সুপার টেনে মাঠে নামার আগে প্রথম প্রস্তুতি ম্যাচটায় ভারত হারল না! হোক না প্রস্তুতি ম্যাচ, কিন্তু ঢাকায় আসার পর ওটাই তো ভারতের একমাত্র হার। আর কাকতালীয়ভাবে সেটি তাদের ফাইনালের প্রতিপক্ষ শ্রীলঙ্কার কাছে।
ওটা কি আজ বাড়তি অনুপ্রাণিত করবে লঙ্কানদের? সংবাদ সম্মেলনে প্রশ্নটা শুনে হেসে দিলেন হঠাৎই শ্রীলঙ্কার অধিনায়ক হয়ে যাওয়া লাসিথ মালিঙ্গা। তারপর বললেন, ‘সেটা কী করে হবে! প্রস্তুতি ম্যাচ তো প্রস্তুতি ম্যাচই। টুর্নামেন্টের সঙ্গে কি এর তুলনা হয় নাকি? তাও আবার ফাইনাল। এটা তো আরও বড় ব্যাপার। মানসিক-শারীরিক চাপ সবকিছুই এখানে অনেক বেশি।’
এই চাপটা কমানোর উপায় তাহলে কী? মালিঙ্গার সহজ সমাধান, ‘এটাকে একটা সাধারণ টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে নেওয়া। আমরাও সেটাই করছি। এভাবে ভাবতে পারলে আপনার ওপর আর বাড়তি চাপ থাকবে না।’
এভাবে ভাবাটাই ইতিবাচক হতে পারে শ্রীলঙ্কার জন্য। ক্রিকেটের বৈশ্বিক আসরে ফাইনাল ব্যাপারটাই যে শ্রীলঙ্কার জন্য ‘অপয়া’ হয়ে গেছে গত কয়েক বছরে! ২০০৭ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে হেরেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ব্যর্থ হয়েছে ২০০৯ সালে এবং নিজের দেশে গত আসরের ফাইনালেও। এবার ফাইনাল না ভেবে সাধারণ ম্যাচ ভেবে খেলে যদি কিছু হয়!
শেষ ম্যাচের এই স্নায়ুচাপটুকু ছাড়া দুর্দান্ত ফর্মের ভারতের বিপক্ষে অবশ্য অনুপ্রেরণার কমতি নেই শ্রীলঙ্কার। টুর্নামেন্টে সেমিফাইনালের আগ পর্যন্ত সব ম্যাচ চট্টগ্রামে খেললেও ঢাকার মাঠও বেশ চেনাজানা লঙ্কানদের। বাংলাদেশের বিপক্ষে সিরিজ ছাড়াও এখানেই গত মাসে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। এশিয়া কাপে হারিয়েছে ভারতকেও। ফাইনালের আগে মালিঙ্গারা আত্মবিশ্বাস পাচ্ছেন ওই সফর থেকেও, ‘আমরা বাংলাদেশে গত কয়েক মাসে অনেক খেলেছি। কাল সুযোগ আরও একবার নিজেদের প্রমাণ করার।’
দলকে বাড়তি অনুপ্রেরণা দিতে লঙ্কান বোর্ডের পক্ষ থেকেও অবশ্য চেষ্টার কমতি নেই। বেতন-ভাতা নিয়ে ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বটা এখনো চললেও এরই মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট ঘোষণা করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে মোটা অঙ্কের বোনাস দেওয়া হবে খেলোয়াড়দের।
তবে অর্থের লোভে নয়, দেশের জন্যই আজ জিততে মরিয়া থাকবেন মালিঙ্গা, ‘কত টাকা পেলাম সেটা আমরা
ভাবি না। আমরা দেশের হয়ে খেলতে ভালোবাসি। শ্রীলঙ্কান ক্রিকেটের একটা নিজস্ব ধরন আছে, কাল (আজ) আমরা সেটাই দেখাতে চাই।’
‘ফাইনাল-জুজু’ তাড়িয়ে শ্রীলঙ্কার এই নিজেদের প্রমাণ করার পথে আজ সবচেয়ে বড় বাধা হয়ে যেতে পারেন বিরাট কোহলি। সেমিফাইনালে একা হাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছেন। ফাইনালেও কি তাঁকে নিয়ে কিছুটা উদ্বিগ্ন থাকবে শ্রীলঙ্কা? দুর্দান্ত
ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটসম্যানের স্টাম্প গুঁড়িয়ে দেওয়ার মতোই জবাব মালিঙ্গার, ‘কোহলি দারুণ ব্যাটসম্যান। কিন্তু বিশ্বসেরা ব্যাটসম্যানকে আউট করতেও কেবল একটা ভালো বলই যথেষ্ট। আমি নিশ্চিত আমার দলের কেউ না কেউ কাল সেই বলটা করবে।’