শ্রীলঙ্কার সিদ্ধান্ত অযৌক্তিক: ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের মাঝামাঝি সময়ে এসে খেলোয়াড়দের দেশে ফিরতে বাধ্য করায় শ্রীলঙ্কার কড়া সমালোচনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২১ মে পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও এখন লঙ্কান ক্রিকেটারদের দেশে ফিরিয়ে নেওয়াটা একেবারেই অযৌক্তিক বলে উল্লেখ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজিব শুক্লা।ইংল্যান্ড সফরের প্রস্তুতি নেওয়ার জন্য আগামী ৫ মের মধ্যেই ক্রিকেটারদের দেশে ফেরানোর জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে তাগাদা দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। এখন এভাবে চুক্তি ভঙ্গ করে দেশে ফিরে গেলে হয়তো একটা বিশাল অঙ্কের টাকা থেকে বঞ্চিত হতে হবে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাথিস মালিঙ্গাসহ মোট ১১ জন লঙ্কান ক্রিকেটারকে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও হয়তো পাবে না চুক্তিবাবদ তাদের প্রাপ্য টাকাটা। আজ রাজিব শুক্লা সাংবাদিকদের বলেছেন, ‘চুক্তি অনুসারে, শ্রীলঙ্কান খেলোয়াড়দের এখানে ২১ মে পর্যন্ত থাকার কথা। ফ্র্যাঞ্চাইজগুলোও এ রকমই জানে। কিন্তু এখন তারা আগেভাগেই চলে যেতে চায়। এটা একেবারেই অযৌক্তিক।’ তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমস।