শ্রীলঙ্কার সিদ্ধান্তের অপেক্ষায় ল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ান্ত ঘোষণার আগে জাতীয় দলের কোচ নিয়ে আর টুঁ শব্দটিও করতে রাজি নন বিসিবি কর্মকর্তারা। তবু নানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে, বোর্ড স্টুয়ার্ট লর অপেক্ষাতেই আছে। ল সবুজ সংকেত দিলে আজকালের মধ্যেই শোনা যেতে পারে নতুন কোচসংক্রান্ত নতুন কোনো খবর।কিন্তু ল কি সবুজ সংকেত দেবেন? কথাবার্তা পাকা হয়ে গেলেও অস্ট্রেলিয়ান এই কোচের কাছ থেকে চূড়ান্তভাবে ‘হ্যাঁ’ না শোনা পর্যন্ত টেনশনটা থাকছেই বোর্ড কর্মকর্তাদের। শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ল এখন ইংল্যান্ডে। কাল শেষ হয়ে গেছে টেস্ট সিরিজ, বিসিবি কর্মকর্তারা তাই আশায় আছেন, কোচ হয়তো শিগগিরই কিছু জানাবেন।তবে চূড়ান্ত ঘোষণার আগে অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য মিরর-এর একটি খবর। কাউকে উদ্ধৃত না করেই গত পরশু পত্রিকাটি জানিয়েছে, বাংলাদেশের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে তাঁর ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ ল। সেই সময়সীমা শেষ হওয়ার কথা গতকাল। লেখা হয়েছে, ‘৪২ বছর বয়সী অস্ট্রেলিয়ান লকে শুধু এই সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে (শ্রীলঙ্কা দলের) এবং তাঁকে পাকাপাকিভাবে রাখা হবে কি না, সে ব্যাপারে তিনি দ্রুতই সিদ্ধান্ত জানতে চান।’ বাংলাদেশ ছাড়াও আরও একটি দলের কোচ হওয়ার প্রস্তাব আছে লর কাছে। শ্রীলঙ্কান বোর্ডকে তাড়া দেওয়ার সেটাই নাকি কারণ।ল ছাড়াও শ্রীলঙ্কার সম্ভাব্য কোচের তালিকায় আছেন ইংল্যান্ডের সাবেক সহকারী কোচ ম্যাথু মেনার্ড ও শ্রীলঙ্কারই সাবেক কোচ টম মুডি। তবে মিরর-এর খবর অনুযায়ী শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটারদের ভোট লর পক্ষেই। এ ব্যাপারে লর কাছ থেকে এখনো স্পষ্ট কিছু জানা না গেলেও রোজ বোল টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি আসল ব্যক্তিদের সঙ্গেই কথা বলেছি। আশা করি, দ্রুতই সবকিছুর সমাধান হবে।’সংবাদমাধ্যমের এসব খবর বিসিবিকে চিন্তায় ফেলতেই পারে। বিসিবির সঙ্গে যদি পাকা কথা হয়েই যায়, ল কেন অপেক্ষায় আছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সিদ্ধান্তের?