শ্রীলঙ্কার সিরিজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট এবি ডি ভিলিয়ার্স। উইকেটরক্ষক সাঙ্গাকারার সঙ্গে উদ্যাপন করতে  ছুটে এলেন বোলার তিলকরত্নে দিলশান  এএফপি
উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট এবি ডি ভিলিয়ার্স। উইকেটরক্ষক সাঙ্গাকারার সঙ্গে উদ্যাপন করতে ছুটে এলেন বোলার তিলকরত্নে দিলশান এএফপি

হাশিম আমলা ও জেপি ডুমিনির ব্যাটে ভর করে রানের পাহাড়ে চড়ছিল দক্ষিণ আফ্রিকা। পর পর ২ ওভারে এই দুজনকেই আউট করে প্রোটিয়া যাত্রায় বাদ সাধেন তিলকরত্নে দিলশান। ২২ ওভারে ১ উইকেটে ১১৮ রান তোলা সফরকারীরা শেষ পর্যন্ত অলআউট ২৩৮ রানে। এরপর ব্যাটিংয়ে অপরাজিত সেঞ্চুরি। মাত্র ২ উইকেট হারিয়েই ২৩৯ রানের লক্ষ্য লঙ্কানরা ছুঁয়ে ফেলল ৪৪ ওভারেই। আর দিলশানের এই অলরাউন্ড নৈপুণ্যেই চতুর্থ ওয়ানডেটা ৮ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড এটা।

১৩০ বলে ১৬ চারে অপরাজিত ১১৫ রান করেছেন দিলশান। দ্বিতীয় উইকেটে ১৮৪ রানের রেকর্ড জুটিতে তাঁর সঙ্গী কুমার সাঙ্গাকারা আউট হয়েছেন ১০১ বলে ৯১ রান করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো উইকেটেই শ্রীলঙ্কার এটি সর্বোচ্চ জুটি। আগের রেকর্ডটির অংশীদারও এই দুজনই। ২০০৯ সালে সেঞ্চুরিয়ানে দ্বিতীয় উইকেটেই ১৫৮ রান করেছিলেন দিলশান-সাঙ্গাকারা জুটি।

এর আগে টস জিতে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা পথ হারিয়েছে মিডল অর্ডারের ব্যর্থতায়। ১৭ রানে ওপেনার কুইন্টন ডি কককে হারিয়ে ফেললেও এক ম্যাচ পর দলে ফেরা হাশিম আমলা (৭১ বলে ৭৭) ও জেপি ডুমিনির (১২১ বলে ৯৭) ব্যাটিংয়ে মনে হচ্ছিল ৩০০ ছাড়িয়ে যাবে স্কোর। কিন্তু দিলশানের ওই জোড়া আঘাতের পরই পথ হারায় দলটি। ১২০ রানে পড়েছে দলটির শেষ ৯ উইকেট। ডুমিনি এক প্রান্ত ধরে না রাখলে ২০০ হতো কি না, সন্দেহ। শেষ দিকে রানরেট বাড়াতে গিয়ে বেপরোয়া না হলে হয়তো সেঞ্চুরিটাও পেয়ে যেতেন ডুমিনি।

শুরু আর শেষে দক্ষিণ আফ্রিকাকে ভুগিয়েছেন ৫২ রানে ৩ উইকেট নেওয়া লাসিথ মালিঙ্গা। তবে সবচেয়ে সফল অজান্তা মেন্ডিস। ৫১ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ধসিয়ে দিয়েছেন এই রহস্য স্পিনার। ক্রিকইনফো ও টেন অ্যাকশন।

সিরিজের শেষ ম্যাচ পরশু কলম্বোয়।

দক্ষিণ আফ্রিকা: ৪৮.৪ ওভারে ২৩৮ (ডুমিনি ৯৭, আমলা ৭৭ ডু প্লেসিস ২৩; মেন্ডিস ৪/৫১, মালিঙ্গা ৩/৫২, দিলশান ২/৪০)। শ্রীলঙ্কা: ৪৪ ওভারে ২৩৯/২ (দিলশান ১১৫*, সাঙ্গাকারা ৯১; সতসোবে ১/৪৮, মরকেল ১/৬২)। ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ৫-ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ৩-১ এ এগিয়ে।

ম্যান অব দ্য ম্যাচ: তিলকরত্নে দিলশান।