শ্রীলঙ্কার ‘সেমিফাইনাল’, ভারতেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ইনিংস কত কিছুই না পাল্টে দিল! আজকের ম্যাচটি আসলে ফাইনালের পোশাকি মহড়াই হতো। কিন্তু বিরাট কোহলির অসাধারণ এক ইনিংস আর ভারতের জয় পাল্টে দিয়েছে সব হিসাব-নিকাশ। আপাতগুরুত্বহীন হতে যাওয়া ম্যাচটাই কিনা শ্রীলঙ্কার জন্য এখন একরকম সেমিফাইনাল! লড়াই অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার হলেও এই ম্যাচে আছে ভারতও। মাঠে না নামলেও ম্যাচটা যে তাদের জন্য ফাইনালে যাওয়ার চাবি!হিসাবটা একদম সোজা। মেলবোর্নে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই শ্রীলঙ্কা চলে যাবে ব্রিসবেন-অ্যাডিলেডের ফাইনালে, টাই হলে কিংবা ম্যাচ পরিত্যক্ত হলেও। আর শ্রীলঙ্কা হারলেই কেবল ফাইনালে উঠবে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় জিততে যাওয়া ম্যাচ টাই করা, আরও কয়েক ম্যাচের বাজে পারফরম্যান্সে নিজেদের পথটা এমন দুর্গম করার দায় ভারতেরই। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে (২-১) থাকার পরও তাই ভারতকে এখন কামনা করতে হচ্ছে শ্রীলঙ্কার পরাজয়। আগের ম্যাচে অমন দাপুটে জয়ের পরও মহেন্দ্র সিং ধোনির কণ্ঠ ছিল অসহায়, ‘এই কটা দিন আমরা শপিং করেই কাটাব, আর কী-ই বা করতে পারি! আমাদের হাতে তো আর কিছু নেই!’ধোনির অসহায়ত্বই সবচেয়ে বড় স্বস্তি মাহেলা জয়াবর্ধনের জন্য। সর্বশেষ ম্যাচটা বাজেভাবে হেরে লঙ্কানরা নিজেদের জন্য কাজটা কঠিন করে তুলেছে। তার পরও ভারতকে খোঁচা দিতে হোক আর বাস্তবতা বোঝাতে জয়াবর্ধনে বললেন, ‘অন্তত এটা জেনে আমরা শেষ ম্যাচে খেলতে নামছি যে ব্যাপারটা আমাদের নিয়ন্ত্রণে, আমরা জানি কী করতে হবে। অন্যের দিকে তাকিয়ে থাকার চেয়ে এখন আমরা যে অবস্থায় আছি, সেটা অনেক ভালো।’ভারতের বিপক্ষে ওই ম্যাচে শ্রীলঙ্কার বোলিং-দুর্দশার একটা কারণ ছিল, ৩ ওভার বোলিং করেই ফারভিজ মাহারুফের আর বোলিং করতে না পারা। ওই ম্যাচে পাওয়া পিঠের চোট মাহারুফকে ছিটকে দিয়েছে আজকের ম্যাচ থেকেও। অস্ট্রেলিয়ার অবস্থা আবার উল্টো, চোট নিয়েও মাঠে নামতে মরিয়া ব্রেট লি। ডান পায়ের পাতায় চোট এই টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছিল লিকে। পরে সবাইকে অবাক করে ফিরছেন প্রত্যাশিত সময়ের অনেক আগে। খেলছেন ব্যথা নিয়েই। কাল আবার এক্স-রে করে দেখা গেল, চিড়টা এখনো আছে, প্রচণ্ড ব্যথা তো আছেই।তবু খেলে যেতে চান লি। ব্যথা নিয়ে খেলার যে যুক্তি আগে দিয়েছিলেন, কালও বললেন সেটাই, ‘দেশের হয়ে খেলতে হলে এসবকে উপেক্ষা করতেই হবে। প্রচণ্ড ব্যথা লাগছে কিন্তু আমার যতটা পরে ফেরা উচিত ছিল বা ফিরতে পারতাম, ফিরেছি তার আগেই। তবে দেশের হয়ে খেলতে হলে এসব করতেই হবে।’ লি খেলতে চাওয়ায় একটা মধুর সমস্যায়ও পড়তে হচ্ছে অস্ট্রেলিয়াকে। চোট কাটিয়ে ফিরছেন জেমস প্যাটিনসন, দারুণ ফর্মে আছেন হিলফেনহস ও ম্যাকাই। চার পেসারের মাঝে বাদ পড়বেন কে?জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা মানেই পারফরম্যান্স এক ধাপ ওপরে তুলে ধরা। শ্রীলঙ্কার জন্য তাই কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। ওয়েবসাইট।