শ্রীলঙ্কায় আগেই একটা ‘ফাইনাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারকে বিশ্বকাপটা উপহার দিতে চায় ভারত। শ্রীলঙ্কানদের প্রেরণা মুরালিধরন। রিকি পন্টিংয়ের হ্যাটট্রিক শিরোপার হাতছানি। ইংল্যান্ডের অনন্ত আক্ষেপ ঘোচানোর অপেক্ষা। যন্ত্রণাপীড়িত মানুষকে আনন্দের উপলক্ষ এনে দিতে চায় শহীদ আফ্রিদির পাকিস্তান।চোখে স্বপ্নের মায়াঞ্জন এঁকে ছুটছে সবাই। এই দৌড় ২ এপ্রিল আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দিকে। ২ এপ্রিল এই স্টেডিয়ামেই মঞ্চায়িত হবে ‘স্বপ্নপূরণ’ নাটকের শেষ অঙ্ক। মানে এদিন এখানেই হবে ২০১১ বিশ্বকাপের ফাইনাল। ২ এপ্রিলের আগেই অবশ্য আরেকটি ‘ফাইনাল’ দেখে ফেলবে এবারের বিশ্বকাপ। ঘনিয়ে আসতে থাকা সেই ‘ফাইনাল’ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। মুখোমুখি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। আগামী শনিবারের এই ম্যাচটি একটি গ্রুপ ম্যাচ। এটা কেন ফাইনাল হতে যাবে! ম্যাচটি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা বলেই একে ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ বলা। ২০০৭-এ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুটি দল। গত বিশ্বকাপের মতোই এবারও দুটি দলের কোচ দুই অস্ট্রেলিয়ান। এবারও তাই অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা লড়াইটা দুই অস্ট্রেলিয়ানেরও। গত বিশ্বকাপে শ্রীলঙ্কার কোচ ছিলেন টম মুডি, অস্ট্রেলিয়ার নেপথ্য নায়ক ছিলেন জন বুকানন। এবার শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ট্রেভর বেলিসের, অস্ট্রেলিয়ার কোচ টিম নিলসেন। দুই কোচই জানেন ম্যাচটি শ্রীলঙ্কার প্রতিশোধের উপলক্ষ, অস্ট্রেলিয়ার জন্য নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার ব্যাপার। জানেন বলেই এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত তাঁরাও।ম্যাচের আগে অস্ট্রেলিয়া উড়ছে আত্মবিশ্বাসের হাওয়ায়। প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মানসিকভাবে এগিয়ে রাখছে। অস্ট্রেলিয়া কোচ নিলসেন তো বলেই দিয়েছেন, ‘আমরা দুটি জয় পেয়ে গেছি। শনিবার বড় ম্যাচ আছে। তবে আমরা যেমনটা আশা করেছিলাম সবকিছু সে রকমভাবেই হয়েছে।’এদিক দিয়ে শ্রীলঙ্কা একটু পেছন পায়েই আছে। কানাডার বিপক্ষে বড় জয় দিয়ে শুরু করলেও পাকিস্তানের বিপক্ষে হেরে গেছে শিরোপাপ্রত্যাশী শ্রীলঙ্কা। তবে এর পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে দলে ইতিবাচক হাওয়াই বইছে বলে দাবি শ্রীলঙ্কা কোচ বেলিসের। আর শ্রীলঙ্কার এই আত্মবিশ্বাসের মূলে গত নভেম্বরে করে আসা অস্ট্রেলিয়া সফর। ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস থাকার যুক্তিযুক্ত কারণ আছে। গত অস্ট্রেলিয়া সফরটা দারুণ কেটেছিল আমাদের’—বলেছেন বেলিস। তবে গতকাল পর্যন্ত অস্ট্রেলিয়ার চেয়ে শ্রীলঙ্কার বড় ভাবনা ছিল কেনিয়াকে নিয়েই। বেলিসের কথায়ও ছিল সেই সুর। অস্ট্রেলিয়ার অবশ্য শ্রীলঙ্কা ম্যাচের আগে অন্য কোনো ভাবনা নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে তারা গত শুক্রবার। এর পর থেকেই ফাঁকা দিন যাচ্ছে তাদের। শুধু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়েই পরিকল্পনা করতে পেরেছে নিলসেনের দল।পরিকল্পনাটা অবশ্য খুব সহজ—পেস, পেস এবং পেস আক্রমণ। ‘আমরা যদি গতিতে বৈচিত্র্য আনতে পারি, আমাদের বোলাররা জোরে বল করতে পারে; তাহলে এই কন্ডিশনেও আমাদের বিপক্ষে ওভারে ৫, ৬ বা ৭ রান করে নেওয়াটা কঠিন হবে। এটাই আমাদের শক্তি। আমরা এটা নিয়েই কাজ করেছি’—বলেছেন নিলসেন। এএফপি, ওয়েবসাইট।