শ্রীলঙ্কায় আত্মবিশ্বাসী আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিনিদাদ-বারবাডোজ-লন্ডন-দুবাই হয়ে অবশেষে কলম্বো। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দীর্ঘ বিমানভ্রমণ শেষে কাল সকালে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল। মাঝখানে অবশ্য এক দিন করে দুই দিন যাত্রাবিরতি ছিল লন্ডন আর দুবাইয়ে।আজ আর কাল অনুশীলন। এরপর পরশুই মাঠে নেমে পড়বে মুশফিকুর রহিমের দল। বিশ্বকাপ শুরুর আগে কোল্টস ক্রিকেট ক্লাব মাঠে ১৫ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ ১৭ সেপ্টেম্বর, হবে মুরস স্পোর্টস ক্লাব মাঠে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৮ সেপ্টেম্বর।বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। ২১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠেয় দুটি ম্যাচই দিবারাত্রির।কাল শ্রীলঙ্কায় পৌঁছেই মোহাম্মদ আশরাফুল মুখোমুখি হয়েছেন সংবাদমাধ্যমের। সেখানে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান, ‘গত কয়েক মাসে আমরা প্রচুর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। প্রস্তুতি ম্যাচগুলো ধরলে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ১৭-১৮টা ম্যাচ তো হবেই। যেকোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই সম্ভবত আমাদের সেরা প্রস্তুতি।’ এ ছাড়া দলের কারও কারও এসএলপিএলে খেলার অভিজ্ঞতাকেও বিশ্বকাপে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন আশরাফুল।ত্রিনিদাদে চ্যাম্পিয়ন হতে না পারলেও প্রথম দুই ম্যাচে বারবাডোজ ও আফগানিস্তানকে হারিয়েছে বিসিবি একাদশ। ত্রিনিদাদের বিপক্ষে হেরে যাওয়ার আফসোস থাকলেও প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট সাবেক অধিনায়ক।ভালো প্রস্তুতির পাশাপাশি এবারের বিশ্বকাপের দলে বেশ কয়েকজন টি-টোয়েন্টি বিশেষজ্ঞও আশরাফুলকে জোগাচ্ছে আশা। তাঁর বিশ্বাস, ছন্দে থাকলে বিশ্বকাপে আলো ছড়াবেন তাঁরা, ‘সাকিব, তামিম, মুশফিক, রাজ্জাকের মতো খেলোয়াড়েরা টি-টোয়েন্টির জন্য আদর্শ। জিয়া স্বভাবজাতভাবেই মারকুটে ব্যাটসম্যান। শ্রীলঙ্কার কন্ডিশনে মাহমুদউল্লাহ অলরাউন্ডার হিসেবে ভালো করেছে। আর নিচের দিকে ইলিয়াস সানির ব্যাটিংও পারে ম্যাচ ঘুরিয়ে দিতে।’টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে ভালোই দাঁড়িয়ে গেছেন আশরাফুল। সর্বশেষ ত্রিনিদাদ সফরেও ওপেনিংয়ে তিনি সফল। সেই আত্মবিশ্বাস নিয়ে গেছেন বিশ্বকাপে। আর শ্রীলঙ্কা তো তাঁর কাছে চিরন্তন এক সুখস্মৃতির আধার, ‘ওপেনার হিসেবে সম্প্রতি ভালো শুরু করেছি আমি। ভালো মারতে পারছি...। আর শ্রীলঙ্কায় খেলতে ভালোবাসি আমি। টেস্ট অভিষেকেই সেঞ্চুরিসহ দারুণ কিছু স্মৃতি আছে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর দলের সঙ্গে সব সফরেই এই দেশে এসেছি।’সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হওয়ার গর্বিত মুহূর্তটিকে এই শ্রীলঙ্কাতেই উদ্যাপন করেছেন আশরাফুল। টি-টোয়েন্টি ভিন্ন ধরনের ক্রিকেট হলেও সেই স্মৃতি তাঁর আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া দিতেই পারে।