শ্রীলঙ্কায় আমাদের সেরা সুযোগ: মুশফিকুর
২০০১ সাল থেকে এ পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে আটটি টেস্ট খেলেছে বাংলাদেশ। হার আটটিতেই। এবারের দুই ম্যাচের টেস্ট সিরিজে কেমন করবে মুশফিকুর রহিমের দল?মুশফিকুর আশাবাদী, এবার ভালো করবে বাংলাদেশ। এ সফরকেই ভালো করার ‘সেরা সুযোগ’ হিসেবে দেখছেন তিনি। তবে এর কারণ যতটা না নিজেদের পারফরম্যান্সের ওপর আস্থা, তার চেয়ে বেশি লঙ্কান দলে তারকা খেলোয়াড়ের অভাব।মুত্তিয়া মুরালিধরন, চামিন্ডা ভাসরা ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে থাকছেন না মাহেলা জয়াবর্ধনে। একই কারণে কুমার সাঙ্গাকারাকে নিয়েও আছে অনিশ্চয়তা। সত্যিই তো, এর চেয়ে বড় সুযোগ আর কী হতে পারে!মিরপুরে আজ সোমবার অনুশীলন শেষে সাংবাদিকদের মুশফিকুর রহিম বলেন, ‘জয়াবর্ধনের না থাকাটা ওদের (শ্রীলঙ্কার) জন্য বড় ক্ষতি। সাঙ্গাকারার অংশগ্রহণও অনিশ্চিত। সেরা দুই ব্যাটসম্যান ছাড়া ওরা তুলনামূলক দুর্বল থাকবে। মুরালিধরন ও ভাসের অবসরের পর ওরা খুব বেশি টেস্ট জেতেনি। তাই এটাই আমাদের জন্য শ্রীলঙ্কায় ভালো করার সেরা সুযোগ।’ভালো করতে হলে যে নিজেদের সেরাটা খেলতে হবে, এটাও বলতে ভোলেননি মুশফিকুর, ‘যদি আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, এই সফর আমাদের জন্য বড় সুযোগ। শ্রীলঙ্কায় আমাদের রেকর্ড ভালো নয়। তবে এ থেকে বেরিয়ে আসতে হলে গত এক বছরে যেভাবে খেলেছি, সেভাবে খেলতে হবে আমাদের।’মুশফিকুর মনে করেন, শ্রীলঙ্কায় বাংলাদেশের জন্য প্রেরণা হয়ে থাকবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ হারলেও সেটা ছিল লড়াই করে হার। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের ৩-২-এ হারায় বাংলাদেশ। নিজেদের সর্বশেষ আন্তর্জাতিক সিরিজের প্রসঙ্গ টেনে মুশফিকুর বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে আমরা ভালো খেলেছি। আমি মনে করি না, কেউ আমাদের সুযোগ দিয়েছিল। পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেই ওয়ানডে সিরিজ জিতেছিলাম আমরা।’