শ্রীলঙ্কায় বিশ্বকাপের ‘থিম সং’ নিষিদ্ধ
বিশ্বকাপ উন্মাদনায় স্থানীয়ভাবে করা ‘থিম সং’ নিষিদ্ধ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে।বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেছে এক সপ্তাহ আগে। এতদিন পর রাজাপক্ষের ‘থিম সং’ নিষিদ্ধ করার খবরে অনেকে অবাক হতে পারেন। তবে ব্যক্তিগত ক্ষোভ থেকে নয়, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিপক্ষ দলগুলোর জন্য অবমাননাকর কথা রয়েছে বলেই গানটির পরিবেশনা বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।রোববার কানাডার বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচটি মাঠে বসে দেখেছেন রাজাপক্ষে। সেখানেই প্রথম শোনেন গানটি। গানের কথায় অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুকে পাখির খাবার দেওয়া, নিউজিল্যান্ডের চোয়াল টেনে ধরা, ইংল্যান্ডের সাম্রাজ্য নাড়িয়ে দেওয়া ও ভারতের পর্বতের বরফ গলিয়ে দেওয়ার জন্য শ্রীলঙ্কার অনুসারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাহিন্দা রাজাপক্ষের দপ্তর থেকে জানানো হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে এই গানের পরিবেশনা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। ‘প্রেসিডেন্ট গণমাধ্যমগুলোর কাছে জানতে চেয়েছেন, ক্রিকেট খেলুড়ে কয়েকটি দেশের প্রতি অবমাননাকর কথা থাকার পরও কেন এ গানটি প্রচার করা হলো। ফলে, এ গান প্রচার করা থেকে বিরত রয়েছে দেশের সব গণমাধ্যম’—রয়টার্সকে বলেছেন প্রেসিডেন্টের দপ্তরের একজন কর্মকর্তা।