শ্রীলঙ্কায় ম্যাচ পাতানোর অভিযোগ
নিজেদের মাটিতে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় ভালোই সমালোচনা হচ্ছে শ্রীলঙ্কাকে নিয়ে। দল হারলে সমর্থকদের ক্ষোভ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ‘পাতানো ম্যাচ খেলা’র অভিযোগ মাথায় নিতে হবে, এটি হয়তো কল্পনাও করতে পারেননি শ্রীলঙ্কান খেলোয়াড়েরা। তবে এটাই ঘটেছে। কিন্তু শ্রীলঙ্কা দলের বিপক্ষে পাতানো ম্যাচ খেলার অভিযোগ তুলেছে শ্রীলঙ্কার গণমাধ্যম। শ্রীলঙ্কান টিভি আইটিএনের এক ভাষ্যে দাবি করা হয়, এক ব্যবসায়ী পাকিস্তানের জয়ের পক্ষে ১৮ হাজার ডলারের বাজি ধরেছিলেন, আর ‘খেলাটিকে বদলে দেওয়ার জন্য’ সবাই মিলে খারাপ খেলেছে। একটি জাতীয় দৈনিকের সম্পাদক মাহিন্দা আবেসুন্দারা আঙুল তুলেছেন জয়াবর্ধনে ও সামারাবীরার দিকে, ‘আমরা বলতে পারি মাহেলা ও থিলান খেলাটিকে বদলে দিয়ে থাকবে।’ করুণ সংগীত সহযোগে স্লো মোশনে ম্যাচের কিছু মুহূর্ত তুলে দেখানো হয়েছে কীভাবে বাজে শট খেলেছেন ব্যাটসম্যানরা। ১১ রানে হেরে যাওয়া ম্যাচটিতে মাত্র ২ রান করেছেন জয়াবর্ধনে। সামারাবীরা করেছেন ১ রান। তবে শ্রীলঙ্কান সমর্থকদের পাশেই পাচ্ছেন জয়াবর্ধনেরা। তাঁদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সমর্থকেরা। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোয়ও টিভি চ্যানেলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা। অবস্থান নিয়েছেন জয়াবর্ধনেও। টিভি চ্যানেলটির বিরুদ্ধে ঠুকে দিয়েছেন মামলা। রয়টার্স।