শ্রীলঙ্কায় ম্যাচ পাতানোর অভিযোগ তিলকারত্নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট অঙ্গনে সম্ভবত আবারও এক বোমা ফাটাতে যাচ্ছেন হাসান তিলকারত্নে। ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত শ্রীলঙ্কায় ম্যাচ পাতানোর অনেক তথ্য অচিরেই ফাঁস করে দেবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেক এ অধিনায়ক।১৯৮৬ সালে ওয়ানডে ক্যারিয়ার শুরু করেছিলেন তিলকারত্নে। দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি খেলেছেন ৮৩টি টেস্ট ও ২০০টি এক দিনের ম্যাচ। ২০০৩ থেকে ২০০৪ সালের মার্চ পর্যন্ত পালন করেছে অধিনায়কত্বের দায়িত্ব। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘ম্যাচ পাতানোটা গতকাল বা আজ থেকে হঠাত্ করে শুরু হয়নি। আমার জানা মতে, ১৯৯২ সাল থেকেই এটা শুরু হয়েছে। আমি অনেক দায়িত্ব নিয়েই এই কথাগুলো বলছি। এই কথাগুলো এর আগে অনেকবারই প্রকাশিত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু অনেক মানুষকে টাকা-পয়সা দিয়ে ব্যাপারটা চাপা দেওয়া হয়েছিল। যারা এগুলোর সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্যে বলছি, আমি খুব তাড়াতাড়িই এদের নাম প্রকাশ করব।’এবারের বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচটিও পাতানো, এমন অভিযোগও উঠেছিল কিছু কিছু জায়গা থেকে। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও ফাইনালে শ্রীলঙ্কার দল নির্বাচন নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন তিলকারত্নে। তিনি বলেছেন, ‘আমি বলছি না যে, এই ম্যাচটি পাতানো ছিল। কিন্তু শ্রীলঙ্কায় অনেক দিন ধরেই ম্যাচ পাতানোটা একটা গুরুতর সমস্যা। এখন এটা ছড়িয়ে গেছে ক্যান্সারের মতো। ফাইনালের দল নির্বাচনে কেন চারজন ক্রিকেটার পরিবর্তন করা হলো? এই প্রশ্ন তোলাটা খুব জরুরি। রানাতুঙ্গা এ নিয়ে কথা বলেছিলেন। আমরা যারা একসময় শ্রীলঙ্কার হয়ে খেলেছিলাম, তাঁরা এটা নিয়ে বলেছি। শ্রীলঙ্কা ওই ম্যাচে মাঠে নেমেছিল পুরোপুরি অন্য একটা একাদশ নিয়ে। মেন্ডিসকে কেন খেলানো হলো না? কাপুগেদারা রান পাচ্ছিল না, তার পরও চামারা সিলভার জায়গায় তাকে খেলানো হয়েছিল। এগুলো তো ঠিক হয়নি।’ টাইমস অব ইন্ডিয়া।