সেবারের আসরে তিনটি ম্যাচ খেলেছিল ভারত, হার তিনটিতেই। এর চেয়ে হতাশার আর কী হয়! হতাশায় মোড়ানো ওই বিশ্বকাপে ভারতের তিনটি হারের মধ্যে একটিকে আলাদা করে রাখতে হয়। যেটি ছিল ভারতীয়দের জন্য ‘বিব্রতকর’। কারণ হারটি এমন এক দলের বিপক্ষে, যেটি ছিল আইসিসির সহযোগী সদস্য। টেস্ট-খেলুড়ে দেশে হয়েও অটেস্ট-খেলুড়ে দেশের কাছে প্রথম হার! বলা হচ্ছে, ১৯৭৯ সালের বিশ্বকাপের কথা।ভারতকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া দলটির নাম শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৩৮ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে লঙ্কান বোলারদের তোপে পড়ে ভারতের ইনিংস গুটিয়ে যায় ১৯১ রান। ভারতের হার ৪৭ রানের।ভারতীয় দলে ছিল একঝাঁক তারকা। সুনীল গাভাস্কার, কপিল দেব, দিলিপ ভেংসরকার, বিশ্বনাথ, অমরনাথ, ব্রিজেশ প্যাটেলদের নিয়ে গড়া দলের হারটাকে তাই বিব্রতকর না বলে ‘লজ্জাজনক’ হিসেবে আখ্যায়িত করলেও বিতর্ক হওয়ার কথা নয়।ব্যাটে-বলে দুই দিকেই এদিন ব্যর্থ হয়েছেন ভারতীয়রা। ব্যর্থতার শুরুটা হয়েছিল বোলারদের দিয়ে। পুরো ৬০ ওভার ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। বিনিময়ে মাত্র পাঁচটি উইকেট শিকার করতে পেরেছিলেন ভারতীয় বোলাররা। হাফ সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার তিনজন ব্যাটসম্যান।ভারতীয়দের ব্যর্থতার দ্বিতীয় ধাপটা আরও হতাশাজনক। লক্ষ্যটা বেশি ছিল না, ২৩৯ রান। দলে আছেন বেশ কয়েকজন তারকা ব্যাটসম্যান। কিন্তু ভারতকে বাঁচাতে পারেননি এই তারকারা। লঙ্কান বোলারদের বিধ্বংসী বোলিংয়ে ছয় ওভার বাকি থাকতেই ভারত অলআউট!